মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মধ্যে পাস খেলেছে। সুযোগ তৈরি হয়নি। সুযোগ তৈরি করার ব্যাপারে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন দিমিত্রি পেত্রাতস। সবুজ মেরুন ব্রিগেডের হয়ে তিনিই সবথেকে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন। রয়েছেন প্রথম দশের তালিকায়। তালিকায় ওড়িশা এফসির রয়েছেন দু’জন ফুটবলার।
আধুনিক ফুটবলে পরিসংখ্যান নিয়ে নাড়াচাড়া হচ্ছে আকচার। সবথেকে বেশি গোল, অ্যাসিস্টের পাশাপাশি কে সবথেকে বেশি গোল করার মতো সুযোগ তৈরি করছেন সেটাও এখন জেনে নেওয়া খুব সহজ।
গত মরসুম থেকেই সবুজ মেরুন ব্রিগেডের ভরসার মুখ হয়ে উঠেছেন দিমি পেত্রাতস। গোল করেছেন, করিয়েছেন। গোলের সুযোগ তৈরি করার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্টে তিনিই সেরা। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ ম্যাচে ৫৪ টি সুযোগ তৈরি করেছেন পেত্রাতস। চলতি মরসুমে সবথেকে বেশি সুযোগ তৈরি করার ব্যাপারে তিনি রয়েছেন তিন নম্বরে।
বেশি সুযোগ তৈরি করার তালিকায় প্রথম দশে রয়েছেন ওড়িশা এফসির দুই ফুটবলার। পেত্রাতসের পরেই চতুর্থ স্থানে রয়েছেন আহমেদ জহু, ২১ ম্যাচে ৪৬ তি সুযোগ তৈরি করেছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন রয় কৃষ্ণা। ২৪ ম্যাচে ৩৯ টি সুযোগ তৈরি করেছেন কৃষ্ণা। জহু ও রয় দু’জনে মিলিয়ে ৮৫ টি সুযোগ তৈরি করতে পেরেছেন।



















