ভালোবাসার সপ্তাহে মেঘ-রোদের লুকোচুরি, কবে বদলাবে আবহাওয়া?

কলকাতা: ফের আবহাওয়ায় বদল বঙ্গে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা৷ তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে৷ সেই সঙ্গে এখন মাঝেমধ্যেই অস্বস্তিকর আবহাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
West Bengal Weather Update

কলকাতা: ফের আবহাওয়ায় বদল বঙ্গে৷ পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা৷ তবে সরস্বতী পুজোর সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে৷ সেই সঙ্গে এখন মাঝেমধ্যেই অস্বস্তিকর আবহাওয়া ভোগাচ্ছে৷ তবে ভালোবাসার এই সপ্তাহে বা ১৪ ফেব্রুয়ারি কেমন থাকবে তাপমাত্রা৷

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে৷ কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ উঠবে৷ শীত আর আসর জমাতে পারবে না শহরে৷ তবে বসন্ত আসার আগে আবহাওয়ায় বড় বদল আসতে পারে৷ অর্থাৎ প্রেম দিবস পার না হলে আবহাওয়ার মতি নাকি থিতু হবে না৷ আগামী তিন থেকে চার দিন নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই৷

   

বুধবার থেকে শুষ্ক থাকবে শহর কলকাতার আবহাওয়া৷ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি৷ এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন সামান্য কমবে তাপমাত্রা৷ শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ ১০ তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রা৷ ধীরে ধীরে কার্যত শীত হবে উধাও৷ অন্যদিকে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা৷ সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷

ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা৷ তাই সপ্তাহের শেষে সাময়িকভাবে ফিরতে পারে ঠান্ডা৷ কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।