ইস্তাম্বুল: তুরস্কের ইস্তাম্বুলে ইজরায়েলি কনস্যুলেটের সামনে ভয়াবহ গুলির লড়াই। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সওয়া ১২টা নাগাদ শহরের লেভেন্ট ণিজ্য নগরীতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও সশস্ত্র বন্দুকবাজদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে তিন হামলাকারীর মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশ আধিকারিকও। (Istanbul Israeli consulate shootout)
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফৎচি সমাজমাধ্যম এক্স-এ (X) জানিয়েছেন, পুলিশের গুলিতে তিন বন্দুকবাজই খতম হয়েছে। হামলাকারীদের মধ্যে দু’জন সম্পর্কে ভাই। ইজমিত শহর থেকে একটি ভাড়ার গাড়িতে চেপে তারা ইস্তাম্বুলে এসেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হামলাকারীদের মধ্যে একজনের সঙ্গে ধর্মীয় কট্টরপন্থী সংগঠনের যোগ রয়েছে এবং অন্যজনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের রেকর্ড রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলাকারীদের পরনে ছিল সেনার মতো ক্যামোফ্লেজ পোশাক, পিঠে ব্যাকপ্যাক এবং হাতে ছিল অত্যাধুনিক রাইফেল। ইজরায়েলি কনস্যুলেট থাকায় ওই এলাকাটি এমনিতেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকে। হামলার খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। তবে এই হামলার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে বা এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এএফপি-কে (AFP) একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তুরস্কে কোনও ইজরায়েলি কূটনীতিক উপস্থিত নেই এবং কোনও কূটনৈতিক কর্মীর আহত হওয়ার খবরও মেলেনি।
ইতিমধ্যেই এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তুরস্কের আইনমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, বেসিকতাস (Beşiktaş) এলাকায় কনস্যুলেটের সামনে এই হামলার খবর পাওয়ার পরই তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চিফ পাবলিক প্রসিকিউটরের সরাসরি তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ঘটনার বহুমুখী তদন্ত চলছে।



















