বালোচিস্তান: বালোচিস্তানে পাক সেনার ওপর ফের বড়সড় আঘাত হানল বালোচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিএলএ (বালোচিস্তান লিবারেশন আর্মি)-র তরফে দাবি করা হয়েছে, মুস্তং জেলায় পাক সেনার একটি কনভয়ে অতর্কিতে হামলা চালিয়ে ৪৫ জন সেনাকে নিকেশ করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত নীরব পাক প্রশাসন ও সেনা কর্তৃপক্ষ।
বিএলএ মুখপাত্র জীয়ন্দ বালোচ বিবৃতি জারি করে জানিয়েছেন, হামলার দায়িত্বে ছিল তাঁদের সংগঠনের ‘ফতহ স্কোয়াড’। মুস্তং জেলার খডকোচা এলাকায় সেনারা একটি বাসে করে যাওয়ার সময় বিএলএ বিদ্রোহীরা সেটিকে নিশানা করে। প্রবল শক্তিশালী বিস্ফোরণে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা অধিকাংশ জওয়ানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বিস্ফোরণের পরপরই কনভয়ের অন্য গাড়িতে থাকা সেনাদের সঙ্গে বিদ্রোহীদের দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে বলেও দাবি করেছে জঙ্গি সংগঠনটি। এই লড়াইয়ে আরও বেশ কয়েক জন পাক সেনা আহত হয়েছেন বলে খবর। বিএলএ-র তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই হামলার বিস্তারিত তথ্য ও প্রমাণ জনসমক্ষে আনা হবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বালোচিস্তানে পাক সেনার বিরুদ্ধে বিদ্রোহের আঁচ ক্রমেই তীব্র হচ্ছে। বালোচ বিদ্রোহীরা প্রায়ই পাক সেনার কনভয় লক্ষ্য করে চোরাগোপ্তা বা আইইডি (IED) হামলা চালাচ্ছে। বিদ্রোহীদের দমনে পাক সেনা নিয়মিত পাল্টা অভিযান চালালেও, অশান্তি যেন থামার নাম নিচ্ছে না। গত মে মাসেই সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণে ১২ জন জওয়ান নিহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে ফের এত বড় নাশকতার ঘটনায় বালোচিস্তানে নিরাপত্তা ব্যবস্থা ও পাক সেনার রণকৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,





