ডেন্টাল সার্জন থেকে দুঁদে IPS, কে এই অজয় পাল শর্মা?

কলকাতা: তিনি একাধারে ডেন্টাল সার্জন, অন্যদিকে অপরাধীদের ত্রাস, ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অজয় পাল শর্মা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতায় পা দিয়েই নিজের মেজাজ ...

By Moumita Biswas

Published:

Follow Us
Who is Ajay Pal Sharma

কলকাতা: তিনি একাধারে ডেন্টাল সার্জন, অন্যদিকে অপরাধীদের ত্রাস, ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অজয় পাল শর্মা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতায় পা দিয়েই নিজের মেজাজ বুঝিয়ে দিলেন এই দুঁদে পুলিশ কর্তা। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি সাফ জানালেন, “দুষ্কৃতীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।” মজার বিষয় হলো, পেশায় চিকিৎসক অজয় পালের পক্ষে এই বিষদাঁত ভাঙা যে স্রেফ কথার কথা নয়, তা তাঁর ট্র্যাক রেকর্ডই বলছে।

জাহাঙ্গীরের ডেরায় ‘সিংহম’ অ্যাকশন

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে মৃত ভোটারের নাম তালিকায় তোলা থেকে শুরু করে ভোটারদের ভয় দেখানোর ভুরিভুরি অভিযোগ জমা পড়েছিল কমিশনে। সোমবার জাহাঙ্গীরকে সবক শেখাতে সটান তাঁর বাড়িতে হাজির হন দক্ষিণ ২৪ পরগনার এই পুলিশ অবজার্ভার। অজয় পাল আসছেন শুনেই প্রার্থী জাহাঙ্গীর খান গা-ঢাকা দিলেও রেহাই মেলেনি। বাড়ির সামনে দাঁড়িয়েই যোগীরাজ্যের এই দুঁদে আইপিএস এমন কড়া হুঁশিয়ারি দেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রূপোলি পর্দায় অজয় দেবগনের সিংহম অবতারকে যেন হার মানিয়েছে বাস্তবের এই দৃশ্য।

   

ডাক্তার থেকে দুঁদে পুলিশ কর্তা

পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম অজয় পালের। পাতিয়ালা কলেজ থেকে ডেন্টাল সার্জারিতে ডিগ্রি থাকলেও, স্টেথোস্কোপ ছেড়ে তিনি তুলে নিয়েছেন বন্দুক। ২০১১ ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের এই অফিসারের নামের পাশে জুড়ে আছে একাধিক এনকাউন্টার। প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত অজয় পাল ২০২৪-এর মহাকুম্ভ মেলায় নোডাল অফিসার ছিলেন এবং ২০২৫ সালে ডিজির স্বর্ণপদকও পেয়েছেন।

বাংলার ভোটের ময়দানে উত্তরপ্রদেশের এই ‘টাফ’ পুলিশ কর্তাকে কমিশন নিয়োগ করার পর থেকেই শোরগোল শুরু হয়েছিল। সোমবার ফলতার মাটিতে জাহাঙ্গীরের ডেরায় তাঁর অভিযান প্রমাণ করে দিল, ভোটের দিন কোনো রকম ‘বদমাইশি’ বরদাস্ত করবেন না এই এনকাউন্টার স্পেশালিস্ট। ফলতাবাসী বলছেন, সিনেমার সিংহম তো অনেক দেখেছি, এবার বাস্তবের অ্যাকশন দেখার পালা।

আরও পড়ুন- নির্বাচনের আগেই কাকে গিফ্টে জমি? কাঠগড়ায় বিধায়ক অদিতি

 

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google