শুক্র-শনিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কোন কোন জেলায় সতর্কতা

কলকাতা: এই সপ্তাহের শেষের দিকে রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি (West Bengal Weather)। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু…

west-bengal-weather-storm-rain-alert-districts-march

কলকাতা: এই সপ্তাহের শেষের দিকে রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টি (West Bengal Weather)। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কারণ একটাই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে থাকায় এই পরিস্থিতি ২৩ মার্চ পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

২০ মার্চ দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে ঝড়ের কমলা (আবহাওয়ার পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ) সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। ওই দিন এই জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সঙ্গে ৫০-৬০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। অন্য দিকে, ২১ মার্চ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। তবে এই দু’দিন কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে খবর হাওয়া অফিস সূত্রে।

   

ওই দু’দিন কলকাতায় ঝড়-বৃষ্টির হলুদ (আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে) সতর্কতা জারি করা হয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা এবং হাওড়ায় কোনও সতর্কতা জারি করা হয়নি। হুগলিতে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবারে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তার পর থেকে আবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নদিয়ায় ১৮, ২০ এবং ২১ মার্চে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

উল্লেখ্য, উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২১ মার্চ পর্যন্ত। তার মধ্যে ২০ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, দার্জিলিং এবং জলপাইগুড়িতে দু’-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। ২১ মার্চ দার্জিলিং এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২৩ মার্চ পর্যন্ত দুর্যোগ চলবে উত্তরবঙ্গের সবক’টি জেলায়।