লক্ষ্মীবারে কি ‘লক্ষ্মীলাভ’? আজ রাজ্য বাজেটে নজর লক্ষ্মীর ভাণ্ডার ও ডিএ-তে

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আজ সম্ভবত সবথেকে বড় ‘তালি’র প্রতীক্ষায় রয়েছে রাজ্যবাসী। আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্ট) পেশ করতে চলেছেন রাজ্যের অর্থ ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal State Budget

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আজ সম্ভবত সবথেকে বড় ‘তালি’র প্রতীক্ষায় রয়েছে রাজ্যবাসী। আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্ট) পেশ করতে চলেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃতীয় মমতা সরকারের বর্তমান মেয়াদের এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট না হলেও, ভোটের বছরে এই বাজেটকে ঘিরেই সবথেকে বেশি ‘কল্পতরু’ হওয়ার সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।

লক্ষ্মীর ভাণ্ডারে কি ‘ধামাকা’ হবে?

বাজেটের সবথেকে বড় আকর্ষণ অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে এই প্রকল্প তৃণমূলের তুরুপের তাস ছিল। বর্তমানে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতি-উপজাতির মহিলারা ১,২০০ টাকা পান। গুঞ্জন শোনা যাচ্ছে, ২০২৬-এর কথা মাথায় রেখে এই প্রকল্পে আরও ২০০ থেকে ৫০০ টাকা বৃদ্ধি করা হতে পারে। নবান্ন সূত্রে খবর, মহিলা ভোটারদের খুশি রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও বড় কোনও ঘোষণা করতে পারেন।

   

সরকারি কর্মীদের DA ভাগ্য: সুপ্রিম কোর্ট না কি বাজেট? West Bengal State Budget

একদিকে আজই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। অন্যদিকে, রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৩% থেকে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জোর চর্চা চলছে প্রশাসনিক অন্দরে। দীর্ঘদিনের বকেয়া ডিএ নিয়ে অসন্তোষ মেটাতে মমতা কি আজ কোনও জাদুকরী ঘোষণা করবেন? সেদিকেই চাতক পাখির মতো চেয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

আরও যারা থাকতে পারেন ‘কল্পতরু’র তালিকায়-

বাজেটে শুধু ডিএ বা লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরও বেশ কিছু চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক ভাতা বা ইনসেনটিভ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডদের দীর্ঘদিনের দাবি মেনে বেতন বা বোনাসে সুখবর মিলতে পারে। গ্রামীণ পরিকাঠামো বা রাস্তাঘাট নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ হতে পারে। এছাড়াও বেকারদের জন্য কর্মসংস্থানমুখী নতুন কোনও প্রকল্পের ঘোষণা আসার সম্ভাবনাও প্রবল। পুর করের ওপর ছাড় কিংবা রেজিস্ট্রেশন ফি কমানোর মতো জনমোহিনী পদক্ষেপ নিতে পারেন চন্দ্রিমা ভট্টাচার্য।

কেন্দ্রের ‘বঞ্চনা’র পাল্টা ‘জনমোহিনী’ বাজেট?

গত ১ ফেব্রুয়ারি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে ‘বঞ্চনা’ করা হয়েছে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। সেই অভিযোগের জবাব দিতেই রাজ্য বাজেটকে অনেক বেশি জনমুখী বা ‘জনমোহিনী’ করতে চাইছে নবান্ন। রাজ্যের সামগ্রিক বাজেট বরাদ্দ ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।

আজ বেলা গড়াতেই বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে আসবে সেই খেরোর খাতা। লক্ষ্মীবারে বাংলার ঘরে ঘরে দিদি নতুন করে কতটা ‘লক্ষ্মী’ পৌঁছে দিতে পারেন, তা দেখার অপেক্ষায় গোটা রাজ্য।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।