কলকাতা: বাংলায় প্রথম দফার ভোটের পর যে আশঙ্কার মেঘ জমাট বাঁধছিল, তাতে জল ঢেলে দিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রথম দফার ১৫২টি আসনের কোনও বুথেই পুনর্নির্বাচন বা রি-পোল হচ্ছে না। ৪৪ হাজারেরও বেশি বুথে রেকর্ড ভোটদান হলেও প্রক্রিয়ায় কোনও ত্রুটি খুঁজে পায়নি কমিশন। বাংলার পাশাপাশি তামিলনাড়ুর কোনও বুথেও পুনর্নির্বাচনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
শান্তিপূর্ণ ভোটের তকমা
বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। বিক্ষিপ্ত কিছু হিংসার খবর মিললেও বুথ দখল বা ছাপ্পা ভোটের মতো বড় কোনও অভিযোগ ওঠেনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল জানিয়েছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট মোটের ওপর শান্তিপূর্ণ ছিল। কমিশনের এই সিদ্ধান্তের পর স্পষ্ট যে, রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে রি-পোলের দাবি তুললেও নথিপত্র বা সিসিটিভি ফুটেজে এমন কোনও অনিয়ম মেলেনি।
কমিশনের কড়া নজরদারি West Bengal Re-poll
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই জানিয়েছিলেন, অবাধ ও স্বচ্ছ ভোট করতে প্রতিটি বুথ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। কমিশনের দাবি, সেই কড়া নজরদারির ফলেই ছাপ্পা রুখে দেওয়া সম্ভব হয়েছে। বীরভূমের লাভপুর বা মুর্শিদাবাদের নওদার মতো উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতেও ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ হয়নি বলে মনে করছে কমিশন।
রেকর্ড ভোট বনাম স্বচ্ছতা
প্রথম দফায় ৯০ শতাংশের বেশি ভোট পড়াকে ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল, কমিশনের এই নির্দেশে তাতে অনেকটাই দাড়ি পড়ল। সব মিলিয়ে ৪৪ হাজার ৩৭৬টি ভোটকেন্দ্রেই ভোটগ্রহণ বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কোনও বুথেই পুনর্নির্বাচন না হওয়া মানে প্রথম দফার ফলাফল এখন স্রেফ সময়ের অপেক্ষা।




















