সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াল নবান্ন, কোন গ্রুপে কত বছরের ছাড়?

কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই এবার রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।…

কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই এবার রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নতুন বিজেপি সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতী। (West Bengal Job Age Limit Increase)

কোন পদে বয়সের ছাড় কতটা?

রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ, বি, সি এবং ডি, প্রতিটি ক্ষেত্রেই আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে।

   

গ্রুপ এ (Group A): চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪১ বছর করা হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, গ্রুপ এ-র কোনও চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা আগে থেকেই ৪১ বছরের বেশি থাকলে, তাতে কোনও বদল হবে না।

গ্রুপ বি (Group B): এই পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৪ বছর করা হয়েছে।

গ্রুপ সি এবং ডি (Group C & D): চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় বাড়িয়ে ৪৫ বছর করা হয়েছে।

কবে থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম?

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১১ মে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর ওই দিনই বসেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেই বৈঠকেই বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বাড়ানোর এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিকেলে সাংবাদিক বৈঠক করে তা ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

কেন এই সিদ্ধান্ত?

রাজ্যে ক্ষমতায় এলে কর্মসংস্থান নিয়ে ইতিবাচক পদক্ষেপের বার্তা আগেই দিয়েছিল বিজেপি। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তার প্রতিফলন মিলল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০১৫ সালের পর পশ্চিমবঙ্গে সেভাবে কোনও নিয়োগ হয়নি। ফলে এই দীর্ঘ বঞ্চনার জেরে বহু শিক্ষিত যুবক-যুবতীর সরকারি চাকরিতে আবেদনের বয়স পেরিয়ে গিয়েছে। তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।