ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

হাওড়া: সেতু সংস্কারের কাজে রবিবার প্রায় ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)৷ এই সময়ের মধ্যে কোনও ধরনের যানবাহন সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাওড়া: সেতু সংস্কারের কাজে রবিবার প্রায় ১২ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)৷ এই সময়ের মধ্যে কোনও ধরনের যানবাহন সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না৷ ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা ও হাওড়া সিটি পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতুর কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ করা হবে৷ সেই কারণে রবিবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে মেরামতির কাজ শুরু হবে এবং তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ এই সময় সেতুতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে৷

   

প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সেতু ব্যবহার করে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াত করে৷ তাই দীর্ঘ সময় সেতু বন্ধ থাকায় শহরের ট্রাফিকে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে৷ সেই কারণে আগেই বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ৷ হাওড়া হয়ে হুগলি, মেদিনীপুর ও অন্যান্য জেলা থেকে আসা যানবাহনগুলিকে দ্বিতীয় সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে৷ কলকাতাগামী যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলিও এই সেতুগুলির মাধ্যমে শহরে প্রবেশ করতে পারবে৷

এছাড়াও পুরনো বালি ব্রিজ দিয়েও যান চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে বিকল্প পথে যানবাহনের চাপ ভাগ হয়ে যায়৷ পণ্যবাহী যানবাহনের জন্য নির্দিষ্ট ডাইভারশন রুটও ঘোষণা করা হয়েছে। ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে আসা ট্রাকগুলি ধুলাগড়, নিবড়া, সলপ, পাকুরিয়া হয়ে সিসিআর ব্রিজ পেরিয়ে নিবেদিতা সেতুর দিকে যেতে পারবে। ডানকুনি থেকে আসা পণ্যবাহী গাড়িগুলিকেও ওই রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে কলকাতা দিক থেকে হাওড়া বা ধুলাগড়ের দিকে যেতে চাইলে কাজিপাড়া–জিটি রোড–ব্যাতাইতলা–আলামপুর–আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে হবে। ডানকুনি যাওয়ার জন্য হ্যাংস্যাং ক্রসিং–কোনা এক্সপ্রেসওয়ে–পাকুরিয়া–সিসিআর ব্রিজ–মাইতিপাড়া রুট নির্ধারণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৬টার পর থেকে আবার সাধারণ যান চলাচল শুরু হবে। তবে পণ্যবাহী ভারী যান চলাচল রাত ৯টার পর থেকে শুরু করার অনুমতি দেওয়া হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google