কলকাতা: চার মাসের সন্তানকে সামনে রেখে আদালতের কাছ থেকে রক্ষাকবচ পেয়ে, স্ত্রী অদিতি মুন্সি যখন স্বস্তিতে, ঠিক তখনই স্বামী দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সিকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি ও দেবরাজের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। (tarunjyoti tiwari targets aditi munshi)
তরুণজ্যোতির বিস্ফোরক দাবি
তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন, অদিতির অতীত কর্মকাণ্ডের অনেক প্রমাণ ও ‘স্ক্রিনশট’ তাঁর কাছে রয়েছে। বিশেষ করে গানের রিয়েলিটি শো-তে থাকাকালীন বিচারকদের সঙ্গে অদিতির কথোপকথন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তরুণজ্যোতি বলেন, “উনি যখন গানের প্রতিযোগিতায় গিয়েছিলেন, যাঁরা যাঁরা ওই প্যানেলে ছিলেন, তাঁদের সঙ্গে কী ধরণের চ্যাট হত… চ্যাটগুলো আমার কাছে আছে। সেগুলো পাবলিশ করে দিতে পারি। কিন্তু আমি মহিলাদের সম্মান করি… ওঁর বাচ্চা রয়েছে। আমিও বাচ্চার বাবা। বাবা চোর, মা চোর। বাচ্চা কী করবে? বাচ্চাটা ভাল থাকুক, তার জন্যই হয়তো বাইরে রয়েছেন। কোর্ট ও সেটাই মনে করেছে।”
কিন্তু অদিতি ভুলে যান যে, স্বামীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও তিনি সেই সাম্রাজ্যের অংশীদার ছিলেন। নির্বাচনের সময় অদিতির সেই ‘হিন্দু ধর্মে বিয়ে করেছি, প্রয়োজনে আমিও জেলে যাব’, এই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বিজেপি বিধায়কের কটাক্ষ, “তাহলে এখন আদালতে জামিন চাইতে কেন গিয়েছিলেন? এখন কথা রাখছেন না কেন?”
দেবরাজের ‘সাম্রাজ্য’ ও অদিতির ভূমিকা
রাজারহাট-নিউটাউন এলাকায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে একচ্ছত্র আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়ে অদিতির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তরুণজ্যোতি। তাঁর কথায়, “দেবরাজের সম্পত্তির একটি বড় অংশ অদিতির নামে ছিল। স্বামী যে দুর্নীতি করছেন, তা স্ত্রী হয়ে অদিতি জানতেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। স্বামী চোর বা ডাকাত জেনেও তিনি সেই সম্পর্কে থেকে গিয়েছেন।”
তদন্তের নতুন মোড়
সূত্র মারফত জানা যাচ্ছে, দেবরাজ চক্রবর্তীর দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে এবার গোয়েন্দাদের নজরে থাকতে পারেন অদিতি মুন্সিও। দেবরাজের সঙ্গে মুখোমুখি বসিয়ে অদিতিকে জেরা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক ক্যারিয়ারের এই কঠিন সন্ধিক্ষণে অদিতি মুন্সি এখন কার্যত কোণঠাসা।
ঘটনাপ্রবাহ যে দিকে গড়াচ্ছে, তাতে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর অদিতির রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের আইনি ও সামাজিক বিপত্তি আসতে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিজেপি বিধায়কের এই মন্তব্য বিতর্ককে আরও উসকে দিল।


