
কলকাতা: শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) ক্ষেত্রে বড় সুখবর দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে ইন্টারভিউয়ের সূচি প্রকাশ করল পর্ষদ৷ আগামী ১০ মার্চ থেকে ধাপে ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য মোট ১৩ হাজার ৪২১টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল৷ এরপর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর নিয়োগের পরবর্তী ধাপ হিসেবে ইন্টারভিউ শুরু হয়৷ সেই বছরই ডিসেম্বরের ৩০ ও ৩১ তারিখ প্রথম দফায় সাক্ষাৎকার নেওয়া হয়েছিল৷ তবে সেই সময় শুধুমাত্র ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল৷ এবার নতুন করে পঞ্চম থেকে দশম পর্যায় পর্যন্ত বিভিন্ন জেলার জন্য ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে৷
পর্ষদের সূচি অনুযায়ী পঞ্চম পর্যায়ে নদিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে ১০ থেকে ১৩ মার্চ এবং ১৮ ও ১৯ মার্চ৷ ষষ্ঠ পর্যায়ে পুরুলিয়া জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নির্ধারিত হয়েছে ২৩ থেকে ২৫ মার্চ এবং ২৭ থেকে ৩০ মার্চ৷ সপ্তম পর্যায়ে বাঁকুড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ চলবে ৬ থেকে ১০ এপ্রিল৷ পাশাপাশি ১৬ ও ১৭ এপ্রিল এবং ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত আবারও সাক্ষাৎকার নেওয়া হবে৷
অষ্টম পর্যায়ে আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে ২৭ থেকে ৩০ এপ্রিল৷ নবম পর্যায়ে মালদহ ও পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের ডাকা হয়েছে ৫ থেকে ৮ মে এবং ১২ থেকে ১৫ মে পর্যন্ত৷ দশম পর্যায়ে বীরভূম জেলার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৯ থেকে ২২ মে এবং ২৮ ও ২৯ মে৷

