রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালি-গাডরা রাজ্য (Rajganj)সড়কে শনিবার বিকেলে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দোকানে যাওয়ার পথে একটি ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম ভবতোষ শর্মা। তাঁর বাড়ি ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, দুই সন্তান এবং আত্মীয়-পরিজনের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভবতোষ শর্মা লালাস্কুল এলাকায় একটি সেলুনের দোকান চালিয়ে সংসার চালাতেন। প্রতিদিনের মতো শনিবারও দুপুরে বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটান। এরপর বিকেল প্রায় পাঁচটা নাগাদ মোটরবাইক নিয়ে আবার দোকানের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।
আরও দেখুনঃ শিলিগুড়ির ফুলবাড়িতে নববধূর রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে গ্রেফতার স্বামী
অভিযোগ, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নাকুগছ সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি ছোট যাত্রীবাহী চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ভবতোষ শর্মা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর কিছুক্ষণ আহত অবস্থায় তিনি রাস্তাতেই পড়ে ছিলেন। পর্যাপ্ত জরুরি চিকিৎসা পরিষেবা দ্রুত না মেলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে স্থানীয়দের উদ্যোগে একটি টোটোয় করে তাঁকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও পরিচিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।
আরও দেখুনঃ ফের শিলিগুড়িতে সক্রিয় ডাকাত দল! আবার লুট গয়নার শোরুমে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক এবং সংশ্লিষ্ট গাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। রবিবার মৃতদেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও দেখুনঃ মাটিগাড়ায় জমি মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযান! রাজু বিস্তার তালিকায় থাকা ৩ অভিযুক্ত গ্রেফতার


