Siliguri: প্রাক্তন কাউন্সিলরের কার্যালয়ের সামনে বিক্ষোভ, সরকারি সামগ্রী মজুতের অভিযোগ

ডাস্টবিন, ত্রিপল ও ব্লিচিং পাউডারের মতো সরকারি সামগ্রী বিতরণ না করে মজুত রাখার অভিযোগে শিলিগুড়িতে প্রাক্তন কাউন্সিলরের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

bjp-protest-outside-former-councillor-office-siliguri

পারমিতা রায়, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri ) পুরনিগমের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের পর থেকেই শহরের রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে বুধবার শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুখদেব মাহাতোর কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির নেতা-কর্মীরা।

বিজেপির অভিযোগ, ওয়ার্ডবাসীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ডাস্টবিন, ব্লিচিং পাউডার, ত্রিপল-সহ বিভিন্ন সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে প্রাক্তন কাউন্সিলরের কার্যালয়ে মজুত করে রাখা হয়েছে। তাঁদের দাবি, বহু সাধারণ মানুষ এখনও এই পরিষেবা ও সামগ্রী থেকে বঞ্চিত থাকলেও সেগুলি যথাসময়ে বিতরণ করা হয়নি।

   

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, সাম্প্রতিক সময়ে ওই সামগ্রীগুলি ধীরে ধীরে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এদিন বিজেপি কর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কার্যালয়ের তালা খুলে ভিতরে থাকা সামগ্রী স্থানীয় বাসিন্দাদের সামনে দেখানো হয়। সবকিছু প্রদর্শনের পর পুনরায় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। এরপর বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার জেলা সহ-সভাপতি হীরা রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল কমিটির নেতা কৈলাশ চৌরাসিয়া, অশোক যাদব-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অভিযোগের বিষয়ে প্রাক্তন কাউন্সিলর বা সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।