Malda: মৃত্যুপুরী পুখুরিয়া, মিজোরামে মোদীর স্বপ্নের সেতু ভেঙে মালদার ২৩ শ্রমিক নিহত

মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে বুধবার রাত ১০টা পর্যন্ত নিহত শ্রমিকদের যে তথ্য আসছে তাতে মৃত্যুপুরী (Malda) মালদা। এই জেলারই কমপক্ষে ২৩ জন শ্রমিক মৃত। মিজোরাম সরকার জানিয়েছে, ...

By Rana Das

Published:

Follow Us

মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে বুধবার রাত ১০টা পর্যন্ত নিহত শ্রমিকদের যে তথ্য আসছে তাতে মৃত্যুপুরী (Malda) মালদা। এই জেলারই কমপক্ষে ২৩ জন শ্রমিক মৃত। মিজোরাম সরকার জানিয়েছে, ভেঙে পড়া সেতুর আঘাতে আরও অনেকে গুরুতর জখম। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা।

   

মিজোরাম সরকারের দেওয়া তথ্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে এসে পৌঁছেছে। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবারই জেলার ২৩ জন শ্রমিকের মৃত‍্যু হয় মিজোরামে। এর মধ্যে পুখুরিয়া থানার ১৬ জন, কালিয়াচকের ১ জন, গাজলের ১ জন, ইংলিশ বাজারের ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

পু়খুরিয়ার গ্রামের পর গ্রামে শ্রমিক পরিবারগুলিতে হাহাকার। একেকটি পরিবারে একাধিক নিহত। গ্রামে গ্রামে চলছে বিলাপ। পুখুরিয়া থানা এলাকার কাকলামারির চৌদুয়ার গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। চৌদুয়া গ্রামেই একই পরিবারের ছয় জন মৃত। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, পুখুরিয়া থানার অধীন কয়েকটি গ্রাম থেকে মিজোরামে কাজ করতে অনেকে গেছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকের মৃত্যু রয়েছেন মালদহের কয়েকজন। মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছি। পরিবারকে সব রকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানিয়েছেন, ভেঙে পড়া রেল সেতুর নিচ থেকে তাদের উদ্ধার করার কাজ চলছে। মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের একাধিক সংবাদ মাধ্যমের খবর, সেতুটির ভেঙে পড়া অংশের নিচে পড়ে আছে কয়েকজন। স্থানীয় উদ্ধারকারীদের দাবি, জখম অনেকেই অত্যন্ত আশঙ্কাজনক।

মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় নির্মাণাধীন রেলওয়ে সেতু ভেঙে পড়েছে। ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে ১০৪ মিটার উঁচু এই রেল সেতু বানানো নিয়ে প্রযুক্তির সাফল্য বলে বারবার দাবি করেছিল বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার। উচ্ছসিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। বলা হয়েছিল, সেতুটি দিয়ে রেল যোগাযোগে দুর্গম উত্তর পূর্বাঞ্চলকে নতুন দিশা দেখানো হল। সম্পূর্ণ তৈরি হওয়ার আগে এদিন সেই সেতু ভেঙে পড়ে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google