
মালদহ: কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখার মতো বেনজির ও উদ্বেগজনক ঘটনার জল এবার গড়াল জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) দোরগোড়ায়। রাজ্য প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের নির্দেশের পরই এই স্পর্শকাতর মামলার তদন্তভার গ্রহণ করল এনআইএ। তদন্তের রূপরেখা চূড়ান্ত করতে শুক্রবারই তিলোত্তমায় পা রেখেছেন সংস্থার দুঁদে আইপিএস অফিসার তথা আইজি সোনিয়া সিং।
কী ঘটেছিল কালিয়াচকে?
গত বুধবার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)-এর কাজে যুক্ত সাতজন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে উন্মত্ত জনতা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বিষয়টি শীর্ষ আদালতের নজরে আনেন। এরপরই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে চরম ভর্ৎসনা করে। বিচারকদের নিরাপত্তায় এমন গাফিলতির প্রেক্ষিতে সিবিআই অথবা এনআইএ-র মতো স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
কমিশনের কড়া পদক্ষেপ nia ig ips sonia singh
শীর্ষ আদালতের নির্দেশের পরই বৃহস্পতিবার বিকেলে রাজ্যের সিইও এবং পুলিশ-প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি, আক্রান্ত আধিকারিক ও তাঁদের পরিবারের নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করারও কড়া নির্দেশ দিয়েছে কমিশন।
কে এই সোনিয়া সিং? তদন্তের মোড় কোন দিকে?
নাগাল্যান্ড ক্যাডারের এই দাপুটে আইপিএস আধিকারিক প্রশাসনিক মহলে তাঁর কঠোর ও আপসহীন মনোভাবের জন্য সুপরিচিত। উত্তর-পূর্ব ভারতের সীমান্ত সমস্যা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালের শেষে এনআইএ-তে যোগ দেওয়া সোনিয়া ইতিমধ্যেই রাজারহাটে এনআইএ-র আঞ্চলিক দফতরে বসে তদন্তের ঘুঁটি সাজাতে শুরু করেছেন এবং অভিযুক্তদের জেরার তদারকি করছেন।
সূত্রের খবর, আন্তর্জাতিক সীমানা সংলগ্ন মালদহে এই হামলার নেপথ্যে নিছকই জনরোষ নাকি কোনও সংঘবদ্ধ অপরাধচক্র এবং আন্তঃসীমান্ত জঙ্গি-যোগ রয়েছে, সেটাই এখন তদন্তকারীদের আতসকাঁচের তলায়। আপাতত রাজ্য পুলিশের সিআইডি ও এসটিএফ-এর সঙ্গে নিখুঁত সমন্বয়ের মাধ্যমেই মালদহ কাণ্ডের জট ছাড়াতে তৎপর এনআইএ-র এই বিশেষ দল।

