
কলকাতা: আগামী ২৩ এপ্রিল রাজ্যে মেগা নির্বাচন। আর তার ঠিক ৪৮ ঘণ্টা আগে হাই-ভোল্টেজ নন্দীগ্রামে বড়সড় প্রশাসনিক রদবদল করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার হঠাৎ করেই নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে দেওয়া হল হিতেশ চৌধুরীকে। তাঁর জায়গায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে অখিলেশ সিংয়ের কাঁধে।
বদলের কারণ নিয়ে ধোঁয়াশা
ভোটগ্রহণের ঠিক মুখে এসে কেন এই আকস্মিক বদল, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কমিশন আনুষ্ঠানিক ভাবে হিতেশ চৌধুরীকে সরানোর কোনও নির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত জানায়নি।
কমিশনের নজিরে একাধিক বদল Nandigram Police Observer Change
তবে রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে পুলিশ পর্যবেক্ষক বদলের ঘটনা এই প্রথম নয়। এর আগে একাধিক জায়গায় কড়া পদক্ষেপ করেছে কমিশন৷ চলতি মাসেই কোচবিহারের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তিনি নিজের আওতাধীন এলাকার মোট ভোটকেন্দ্রের সংখ্যাই বলতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়েই তাঁকে সরানোর নির্দেশ দেন সিইসি।
মার্চ মাসে মালদহের চার কেন্দ্রের (মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর) পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে সরিয়ে দেয় কমিশন। তৃণমূল অভিযোগ তুলেছিল, উত্তরপ্রদেশের বাসিন্দা জয়ন্তের স্ত্রী বিজেপির নেত্রী। তাই তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে।
পাশাপাশি জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, জামুড়িয়া, আসানসোল (দক্ষিণ ও উত্তর), কুলটি, খড়্গপুর সদর ও ডেবরা-সহ একাধিক কেন্দ্রেও ইতিমধ্যেই নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে এই রদবদল অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের ক্ষেত্রে কমিশনের কড়া নজরদারিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

