Suvendu Adhikari: এবার জেলে ঢুকবে তৃণমূলের কোন নেতারা? তালিকা দিলেন শুভেন্দু

২০১৬ সালের এসএসসির (SSC Scam) প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
coochbehar-15-panchayat-members-left-bjp-and-joined-trinamool-congress

২০১৬ সালের এসএসসির (SSC Scam) প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর ফলে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে তৃণমূল সরকারকেও নিশানা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

শুভেন্দু বলেন, কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ তোমরা। চোরেদের চাকরি বাঁচাতে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। ৫ মে ২০২২ এ মন্ত্রিসভার বৈঠক থেকে অতিরিক্ত পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ আদালত বলেছে, যারা যারা অতিরিক্ত পদ তৈরির পরিকল্পনায় যুক্ত, সিবিআই তাঁদের চাইলেই হেফাজতে নিতে পারে। ওই দিনের বৈঠকে যারা উপস্থিত ছিল, তাঁদের হেফাজতে নেওয়ার দাবি জানাচ্ছি। চোরেদের চাকরি বৈধ করতে ওই বৈঠক হয়েছিল।

   

মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করে ছাড়বেন বলেও হুঙ্কার দেন শুভেন্দু। বিরোধী দলনেতার কথায়, ১৯৫৬ ভোটে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলাম। আমি আর সুকান্ত মজুমদার মিলে ওনাকে প্রাক্তন বানাব। হাইকোর্টের রায়ে প্রমাণিত চোরেদের রানি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ধেককে জেলে ঢুকিয়েছে, তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় আসার পর বাকিদেরও ঢোকাব। লিখে রাখুন তৃণমূল সরকারকে বাংলা থেকে সরিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা করব।

বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে বলে ফের একবার প্রতিশ্রুতি দেন শুভেন্দু। বলেন, যেদিন বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, তার পরের মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারে ৩০০০ টাকা করে পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব আমরা। প্রতি বছর এসএসসি হবে। পরীক্ষার পর ওএমআর শিটের কপি প্রার্থীর হাতে তুলে দেওয়া হবে। মেধার ভিত্তিতে রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে।

বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে জনসভা করেন শুভেন্দু। ২৬ জুলাই বালুরঘাট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। বালুরঘাটের পাশের কেন্দ্র রায়গঞ্জের চাকুলিয়ায় এদিন জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে হাইকোর্টের রায় ‘বেআইনি’ বলে মন্তব্য করার পাশাপাশি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন মমতা।

একই সঙ্গে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দেশজুড়ে বেকারের সংখ্যা বাড়ছে। আমরা চাকরি দিচ্ছি। কিন্তু আইনের খোঁচা মেরে চাকরি কেড়ে নেওয়া হচ্ছে। বিজেপির লোকদের হাইকোর্টে বসানো হয়েছে। ওটা বিজেপির বিচারালয় হয়ে গিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকার বাংলার যুবকদের চাকরি দিতে চায় বলেও সাফ জানিয়ে দেন মমতা। বলেন, আরও ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।