
কলকাতা: নির্বাচনের আগে রাজ্যে অবাধে কালো টাকা, মাদক ও অস্ত্র ঢোকানোর ভয়ংকর চক্রান্ত চলছে। আর এই কাজে সরাসরি ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বিমান বা কপ্টার! নির্বাচনী প্রচারের ময়দান থেকে এবার সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চাঞ্চল্যকর দাবি, এই বেআইনি কারবার নির্বিঘ্নে চালাতেই সুকৌশলে রাজ্যের পুলিশ কর্তাদের ভিন রাজ্যে বদলি করে দিচ্ছে নির্বাচন কমিশন। (Mamata Banerjee black money allegation)
মুখ্যমন্ত্রীর অভিযোগ, নাকা তল্লাশি এড়িয়ে ভিন রাজ্য থেকে টাকার বান্ডিল ঢোকাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুপ্রতিম-সহ রাজ্যের দক্ষ অফিসারদের তামিলনাড়ুতে বদলি করা হয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যেই বাংলা থেকে প্রায় ৫০০ আধিকারিককে সরানো হয়েছে। আর এই রদবদলের নেপথ্যে কংগ্রেস এবং ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের কোনও গোপন বোঝাপড়া রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী।
তবে শুধু মৌখিক অভিযোগ নয়, রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা হুঁশিয়ারি দিয়েছেন যে, তিনি প্রমাণ ছাড়া কোনও কথা বলেন না। তাঁর কাছে ফোর্সের বিমানে টাকা ও অস্ত্র পাচারের অকাট্য ভিডিও প্রমাণ রয়েছে, যা মোক্ষম সময়ে তিনি প্রকাশ্যে আনবেন। পাশাপাশি, বিজেপিকে নিশানা করে খাদ্যাভ্যাস ইস্যুতেও কড়া বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট কথা, বাংলার মানুষ আমিষ খাবে নাকি নিরামিষ, সেই সিদ্ধান্ত কেউ চাপিয়ে দিতে পারে না। বঙ্গবাসী কখনওই বিজেপিকে মেনে নেবে না।

