সোমবার সকালে উত্তর ২৪ পরগনার (Barasat) গুরুত্বপূর্ণ রেল স্টেশন বারাসাতে একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, বারাসাত বিধানসভার প্রার্থী হেমন্ত দাসের সমর্থনে বাম কর্মী-সমর্থকরা স্টেশন চত্বরে লিফলেট বিলি করছিলেন। সকাল থেকেই তারা যাত্রীদের হাতে নির্বাচনী প্রচারের পুস্তিকা তুলে দিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে সমর্থন গড়ে তোলার চেষ্টা করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, কিছুক্ষণ পরই রেল সুরক্ষা বাহিনী (RPF) ঘটনাস্থলে পৌঁছে এই প্রচারে বাধা দেয়। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, স্টেশন (Barasat) চত্বরে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপের জন্য নির্দিষ্ট অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া এমন প্রচার চালানো রেল আইন বিরোধী বলেই দাবি করেন RPF আধিকারিকরা। তারা বাম কর্মী-সমর্থকদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। তবে বাম কর্মী-সমর্থকদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচার চালিয়ে আসছেন এবং এর আগে কখনও এমন বাধার মুখে পড়তে হয়নি। তাদের অভিযোগ, নির্বাচনের মুখে ইচ্ছাকৃতভাবেই তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এরপরই RPF কঠোর অবস্থান নেয় এবং ঘটনাস্থল(Barasat) থেকে মোট ১২ জন বাম কর্মী-সমর্থককে আটক করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত বলেও জানা যায়। এই ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অন্যান্য বাম সমর্থকরাও সেখানে জড়ো হতে শুরু করেন।




















