পকেট-ফ্রেন্ডলি ভাড়ায় পৌঁছন পাহাড়ে! কলকাতা-এনজিপি স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

Kolkata-NJP summer special train

কলকাতা: গ্রীষ্মের ছুটিতে পাহাড়ে ঘোরার পরিকল্পনা করছেন? পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাত্রীদের সুবিধার্থে এবার কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি (NJP) যাওয়ার সামার স্পেশাল ট্রেন ঘোষণা করল পূর্ব রেলওয়ে। রেলের তরফে জানানো হয়েছে, ০৩১২৯/০৩১৩০ কলকাতা-নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল ট্রেনটি মূলত গ্রীষ্মকালীন ভিড় এড়াতেই চালানো হবে।

রেল সূত্রে খবর, এই স্পেশাল ট্রেনটি আগামী ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত প্রতি শনিবার কলকাতা স্টেশন থেকে NJP-র উদ্দেশে রওনা দেবে। সব মিলিয়ে মোট ৫টি ট্রিপ (আসা-যাওয়া মিলে ১০টি) করবে ট্রেনটি। সময়সূচি অনুযায়ী, ১৬ মে, ২৩ মে, ৩০ মে, ৬ জুন এবং ১৩ জুন রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে সেটি NJP পৌঁছবে। ফিরতি পথে ট্রেনটি NJP থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছেড়ে কলকাতা স্টেশনে এসে পৌঁছবে রাত ১২টা ৪০ মিনিটে। যাত্রাপথে নৈহাটি জংশন, ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।

   

ইতিমধ্যেই এই ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। শনিবার, ৪ এপ্রিল বেলা সাড়ে ১২টার আইআরসিটিসি (IRCTC) আপডেট অনুযায়ী, ১৬ মে-র প্রথম যাত্রার জন্য স্লিপার ক্লাসে এখনও ২৯৩টি আসন ফাঁকা রয়েছে। যাত্রীদের পকেটের কথা মাথায় রেখে ভাড়াও সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। স্লিপার ক্লাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪৫ টাকা। এসি থ্রি-টায়ারের (AC 3 Tier) ভাড়া ১১৮৫ টাকা এবং এসি টু-টায়ারের (AC 2 Tier) ভাড়া থাকছে ১৬৭৫ টাকা। তাই গরমের ছুটিতে দার্জিলিং, সিকিম বা ডুয়ার্স যাওয়ার পরিকল্পনা থাকলে আর দেরি না করে এখনই টিকিট বুক করে নিতে পারেন পর্যটকরা।