শিলিগুড়ি: হাতছাড়া শিলিগুড়ি পুরনিগম৷ মেয়াদ শেষ হওয়ার আগেই শিলিগুড়ির মেয়র পদ থেকে আচমকা ইস্তফা দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়ি পুরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হতে এখনও এক বছর বাকি ছিল। কিন্তু তার আগেই পুর কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে।
বৈঠকেই দিয়েছিলেন ইঙ্গিত
সূত্রের খবর, বৃহস্পতিবারই মেয়র পারিষদদের (MIC) নিয়ে একটি বৈঠক করেছিলেন গৌতম দেব। সেই বৈঠকেই তিনি প্রথম তাঁর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মেয়র পারিষদদের একাংশ তাঁকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানালেও, তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষমেশ জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন এই বর্ষীয়ান নেতা।
কী বললেন গৌতম দেব?
ইস্তফা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন গৌতম। তিনি বলেন, “বর্তমান রাজ্য সরকারের সব কাজই আমি করেছি। এর পরেও আমার মনে হয়েছে কোথাও ছন্দপতন হচ্ছে। কোনও বিদ্বেষের মনোভাব নিয়ে এই পদ ছাড়ছি না। নতুন রাজ্য সরকারকে শুভেচ্ছা।” তাঁর এই ‘ছন্দপতন’ এবং ‘নতুন রাজ্য সরকারকে শুভেচ্ছা’ মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
নাগরিক পরিষেবা নিয়ে আশঙ্কা
হাতে আর মাত্র এক বছর সময়। তার ওপর এখন ভরা বর্ষার মরসুম চলছে। উত্তরবঙ্গে এমনিতেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে আচমকা মেয়রের ইস্তফার জেরে শিলিগুড়ি শহরের পুর পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন শহরের বাসিন্দাদের একাংশ। বিশেষ করে বর্ষায় জলনিকাশি থেকে শুরু করে অন্যান্য জরুরি পরিষেবার পরিকাঠামো ভেঙে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।


