
নয়াদিল্লি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন। সমাজমাধ্যম এক্স (X) হ্যান্ডেলে কমিশন স্পষ্ট জানিয়েছে, এবারের বাংলার ভোট সম্পূর্ণ “ভয়, হিংসা, প্রলোভন ও বাধামুক্ত” হতে হবে। পাশাপাশি বুথ জ্যামিং বা সোর্স জ্যামিংয়ের মতো যেকোনো বেআইনি কাজকর্ম কড়া হাতে দমন করা হবে। বাংলায় নির্বাচন ঘিরে অতীতের রক্তক্ষয়ী ইতিহাস, বিশেষত ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার কথা মাথায় রেখেই কমিশনের এই কড়া অবস্থান। (Election Commission warning TMC)
বুধবার তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের বৈঠক ঘিরে তুমুল বাদানুবাদ তৈরি হয়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মাত্র সাত মিনিট পরেই তাঁদের ‘গেট লস্ট’ বলে বৈঠক থেকে বেরিয়ে যেতে বলেন। উল্টোদিকে কমিশনের দাবি, ডেরেক চিৎকার করে কমিশনারকে কথা বলতে বাধা দিচ্ছিলেন। এই আবহে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে ২৭ লক্ষ নাম বাদ দেওয়া নিয়ে সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলেছে ঘাসফুল শিবির।
অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্যের ৪৮৩ জন পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল একে ক্ষমতার অপব্যবহার বললেও, কমিশন নিজেদের সিদ্ধান্তে অনড়। উল্লেখ্য, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে, আর ফলপ্রকাশ আগামী ৪ মে।

