
বনগাঁ: সরকার গঠন করেই সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি সরকার। (Bagda border)শুভেন্দু অধিকারী বলেছিলেন ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে BSF র হাতে তুলে দেওয়া হবে। সেই কাজই শুরু হয়েছে। এবার বেড়া দেওয়ার কাজ শুরু হল বনগাঁ সীমান্তের বাগদায়। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাসগুপ্ত জানিয়েছেন, “আমরা বিএসএফের সঙ্গে একটি সমন্বয় সভা করেছি।
উদ্দেশ্য ছিল পুলিশ ও বিএসএফের মধ্যে আরও ভালো সমন্বয় স্থাপন করা, যাতে সীমান্ত বেড়া নির্মাণের কাজ সুষ্ঠুভাবে এগোয় এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।” এই সভায় সীমান্ত টহল বৃদ্ধি, তথ্য আদান-প্রদানের দ্রুততা এবং নির্মাণকাজ চলাকালীন স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। পুলিশ সুপারের এই বক্তব্যের পর স্থানীয়রা আশা করছেন, কাজটি দ্রুত শুরু হবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
আরও দেখুনঃ পার্কসার্কাস কাণ্ডে তৎপর কলকাতা পুলিশ! গ্রেফতার বেড়ে ৩৮
বাগদা সীমান্তের অনেক অংশে এখনও কোনো বেড়া নেই। ফলে রাত নামলেই সীমান্ত পেরিয়ে আসে অনুপ্রবেশকারীরা। গরু পাচারকারীদের দৌরাত্ম্যে স্থানীয় খামারিরা দিশেহারা। মাদকের চোরাচালানও এই খোলা পথ দিয়ে ব্যাপক। যুবসমাজের মধ্যে নেশার ছড়াছড়ি নিয়ে অভিভাবকদের উদ্বেগ দীর্ঘদিনের। মহিলারা বলছেন, সীমান্তের কাছাকাছি বাড়িতে মেয়েদের নিরাপত্তা নিয়েও সবসময় শঙ্কায় থাকতে হয়।নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তা জোরদার করার যে অঙ্গীকার করা হয়েছিল, তারই প্রতিফলন দেখা যাচ্ছে এই উদ্যোগে।
বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোর ফলে কাজ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে সীমান্তের খোলা অংশগুলো চিহ্নিত করা হয়েছে। টেকনিক্যাল টিম জরিপ শেষ করেছে। শীঘ্রই বাস্তব কাজ শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্মাণের সময় স্থানীয় চাষিদের জমি বা ফসলের যাতে ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

