উত্তপ্ত নন্দীগ্রাম, পুড়ে গিয়েছে নরেন্দ্র মোদীর ছবি

নন্দীগ্রাম: লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে বাংলা৷ প্রতিদিনই খবরে প্রকাশ পাচ্ছে রাজনৈতিক হিংসার খবর৷ কখনও কাঠগড়ায় উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ আবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নন্দীগ্রাম: লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে বাংলা৷ প্রতিদিনই খবরে প্রকাশ পাচ্ছে রাজনৈতিক হিংসার খবর৷ কখনও কাঠগড়ায় উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ আবার কখনও আঙ্গুল উঠছে বিরোধী দল বিজেপির দিকে৷ এই পরিস্থিতিতে সুষ্ঠভাবে লোকসভা নির্বাচনের আশঙ্কা প্রকাশ করছে রাজনীতিবিদরা৷

যে কোনো নির্বাচনে বরাবরই হিট লিস্টে থাকে নন্দীগ্রাম৷ লোকসভা নির্বাচনের আগে যেন তা অন্যথা হল না৷ এমনটাই মত একাংশের৷ কারণ শনিবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম৷ বিজেপির পার্টি অফিস পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে পার্টি অফিস সহ নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ জে পি নাড্ডার ছবি৷ এমনটাই জানা গিয়েছে স্থানীয় বিজেপি সূত্রে৷

   

গেরুয়া শিবিরের অভিযোগ, শনিবার রাতে আমদাবাদ ১৮৯ নম্বর বুথে বিজেপি নেতা মেঘমাথ পাল-সহ বিজেপি নেতারা মিটিং করেন৷ ওই মিটিং শেষ হওয়ার পর পার্টি অফিসে তৃণমূলের লোকজন আগুন লাগিয়ে দেয়৷ যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পাত্তা দিতে নারাজ শাসকদল৷ তাদের দাবি, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে৷

ঘটনায় তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক মেঘনাথ পাল বলেন, ‘‘আমদাবাদ এলাকাটি বিজেপির দখলে রয়েছে৷ লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল ইচ্ছাকৃতভাবে নন্দীগ্রামকে উত্তপ্ত করে তুলছে৷ সেই সঙ্গে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে৷’’
অন্যদিকে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুনীল জানার কথায়, তৃণমূল কংগ্রেস এই ধরণের কাজের সঙ্গে জড়িত নয়৷ বিজেপির গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ এই ঘটনা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।