
কলকাতা: স্বচ্ছ নিয়োগ এবং সরকারি চাকরিতে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিল পশ্চিমবঙ্গ সরকার (recruitment transparency)। শনিবার শিয়ালদহে আয়োজিত রোজগার মেলা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী বিধানসভা অধিবেশনে নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইন আনা হবে। এই আইনের মূল লক্ষ্য হবে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত করা।
রাজ্যে দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক চলেছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়া নিয়ে আদালত পর্যন্ত হস্তক্ষেপ করেছে। এই পরিস্থিতিতে নতুন সরকারের তরফে স্বচ্ছতার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় বলেন, “নিয়োগ সংক্রান্ত পলিসির জন্য যে নতুন আইন করা দরকার, আমরা আগামী বিধানসভা অধিবেশনে তা করব।”
আরও দেখুনঃ ফের বিপদে জাতীয় নিরাপত্তা! বিহারে গ্রেফতার পাক অস্ত্র হ্যান্ডলার মুস্তাফা
শুভেন্দু অধিকারী জানান, ভবিষ্যতে পরীক্ষার্থীদের OMR শিটের কার্বন কপি দেওয়া হবে। এর ফলে পরীক্ষার্থীরা নিজের উত্তরপত্র সম্পর্কে নিশ্চিত থাকতে পারবেন এবং কোনও রকম কারচুপির অভিযোগ অনেকটাই কমবে। তিনি বলেন, “OMR কার্বন কপি পরীক্ষার্থীদের দেব। সেই নিয়ম থাকবে।” এই সিদ্ধান্তকে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের ইতিবাচক সাড়া বলেই মনে করা হচ্ছে।
এছাড়াও মৌখিক পরীক্ষা বা Viva-র নম্বর নিয়েও বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে ওরাল পরীক্ষায় অতিরিক্ত নম্বর রাখা হয়েছিল, যা অনেক ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, “এখানে ন্যূনতম নম্বর রাখা উচিত। আমরা চাই ওরালের নম্বরটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামিদিনে নিয়োগ হয়।” অর্থাৎ ভবিষ্যতে লিখিত পরীক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে Viva-র উপর নির্ভরতা কমানো হতে পারে।
মুখ্যমন্ত্রী এদিন স্বীকার করেন যে নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর কথায়, “নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের যে বদনাম হয়েছে, তা বদলানোই এখন সরকারের লক্ষ্য।” সেই কারণেই নিয়োগ ব্যবস্থায় বড়সড় সংস্কারের পথে হাঁটছে রাজ্য সরকার।
তিনি আরও জানান, শুধু নিয়োগ পদ্ধতিই নয়, পরীক্ষাকেন্দ্রগুলির ব্যবস্থাও নতুনভাবে সাজানো হবে। অতীতে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনিয়ম, প্রশ্নফাঁস বা অসদুপায়ের অভিযোগ উঠেছে। সরকার সেই সমস্ত সমস্যা দূর করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে। শুভেন্দু অধিকারী বলেন, “পরীক্ষাকেন্দ্রগুলিও কলুষিত হয়েছে। সেগুলির খোলনলচে বদলে স্বচ্ছতার নিরিখে নিয়োগই নতুন সরকারের একমাত্র লক্ষ্য।”
কেন্দ্রীয় সরকারের নিয়োগ পদ্ধতির উদাহরণও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আধা সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় বিভিন্ন সংস্থায় যেভাবে নিয়োগ প্রক্রিয়ায় প্রযুক্তি ও স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গও সেই পথেই এগোবে। তাঁর বক্তব্য, “ডাবল ইঞ্জিনের হাইস্পিডে আমরা ছুটব। এখানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে।”













