কলকাতা: ৪ মে রাজ্যের ভাগ্য পরীক্ষা। তার ঠিক আগেই ভোট গণনাকে কেন্দ্র করে জোড়া মামলায় বিদ্ধ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলা দু’টি দায়ের করার অনুমতি মিলেছে। দুপুরে ২টো নাগাদ এই বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে।
কেন এই মামলা?
হাই কোর্টে মামলার আবেদন জানিয়ে কমিশনের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁদের আপত্তির মূল জায়গা দুটি৷ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, গণনাকেন্দ্রে সুপারভাইজার পদে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেন নিয়োগ করছে কমিশন? তাঁর দাবি, কমিশন একতরফাভাবে এই সিদ্ধান্ত নিতে পারে না এবং এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।
অন্যদিকে, আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন গণনাকেন্দ্রের স্থান বদল নিয়ে। হঠাৎ করে কেন গণনাকেন্দ্রের জায়গা পরিবর্তন করা হচ্ছে, সেই যৌক্তিকতা নিয়ে মামলা করার অনুমতি চেয়েছেন তিনি।
কমেছে গণনাকেন্দ্রের সংখ্যা West Bengal Election Counting Case
কমিশন সূত্রে খবর, এবার ২৯৪টি বিধানসভা আসনের জন্য গণনা হবে মোট ৮৭টি কেন্দ্রে। ২০১৬ সালে এই সংখ্যা ছিল ৯০ এবং ২০২১ সালে ছিল ১০৮। অর্থাৎ, গতবারের তুলনায় এবার গণনাকেন্দ্রের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে কমিশন। ইতিমধ্যেই জেলাভিত্তিক গণনাকেন্দ্রের তালিকা ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।
রাজ্যে ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে গণনার ঠিক আগে এই জোড়া মামলা কমিশনের ওপর কতটা চাপ তৈরি করে, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- স্বস্তিতে আই-প্যাক কর্তা! ইডির ‘সবুজ সংকেতে’ জামিন পেলেন বিনেশ চন্দেল




















