কলকাতা: অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার ঠিক ৭৬ দিনের মাথায় ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর মেধা তালিকায় যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দাপট দেখা গিয়েছে, তেমনই পাশের হারে বাকি জেলাগুলিকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। (WB Higher Secondary Result 2026 Toppers List)
মেধাতালিকার শীর্ষে যারা
এ বছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে তিনজন পরীক্ষার্থী, যাদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তাঁরা হলেন- জিষ্ণু কুন্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। ঋতব্রত নাথ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং ঐতিহ্য পাঁচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
পাশের হারে জেলাভিত্তিক পরিসংখ্যান
মাধ্যমিকের সাফল্যের ধারা বজায় রেখে উচ্চ মাধ্যমিকেও পাশের হারের নিরিখে শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রেখেছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে এবং সামগ্রিকভাবে প্রথম দশে ছাত্রীদের সংখ্যা ৮ জন। পাশের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। প্রথম দশে রয়েছেন ৬৪ জন পড়ুয়া৷
পরীক্ষার্থীর খতিয়ান
সংসদ সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, এ বছর তিন ধরনের পদ্ধতিতে মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর বিস্তারিত ভাগ নিম্নরূপ-
- চূড়ান্ত সেমেস্টার (নয়া সিস্টেম): ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন।
- দ্বিতীয় সেমেস্টার (সাপ্লিমেন্টারি): ৫৯ হাজার ৪৫২ জন।
- পুরোনো বার্ষিক পদ্ধতি: ১৫ হাজার ৪৯৫ জন।




















