ভারত ‘এ’ দলে ডাক বৈভবের, সিনিয়র দলে সুযোগ কি সময়ের অপেক্ষা?

আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন Vaibhav Suryavanshi। শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলে সুযোগ ঘিরে বাড়ছে প্রত্যাশা।

Vaibhav Sooryavanshi

Kolkata, May14: আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে ধারাবাহিকভাবে অনবদ্য পারফরম্যান্স দিয়ে চলেছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। এবার তারই পুরস্কার পেলেন তিনি। ভারতের ‘এ’ দলে ডাক চলে আসল ১৫ বছরের বৈভবের। স্বপ্ন পূরণের আরো কাছে পৌঁছে গেলেন এই তরুণ তারকা। জাতীয় সিনিয়র দলে খেলা এখন শুধু সময়ের অপেক্ষা।

আগামী জুন মাসে ভারতের শ্রীলঙ্কা সফর। তারই স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিক্রেট বোর্ড। সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তিলক বর্মার নেতৃত্বাধীন এই দলে বৈভবের সঙ্গে রয়েছেন প্রিয়াংশ আর্য, আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, অংশুল কম্বোজদের মতো তরুণ প্রতিভা। এই স্কোয়াডের সহ অধিনায়ক রিয়ান পরাগ। এত জ্বলন্ত তরুণ প্রতিভাদের মধ্যে নিজেকে মেলে ধরা একপ্রকার চ্যালেঞ্জ বৈভবের কাছে।

   

আসন্ন জুন মাসে ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের সিরিজ আয়োজিত হতে চলেছে। সেখানে ভারত ছাড়া বাকি দুই দেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ঠিক এরপর গলে আয়োজিত হবে দু’টি বহুদিবসীয় ম্যাচ। গত বছরও ‘এশিয়া কাপ রাইজিং স্টারসে’ ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলেছিলেন বৈভব। কিন্তু সামনে বিশ্বকাপ থকায় এবারের ডাক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ভারত ‘এ’ দলে নির্বাচিত হওয়া মানে খেলোয়াড়ের কাছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, অভিজ্ঞতা সগ্রহের সুযোগ। এছাড়া এটিকে ভারতের মূল জাতীয় দলে প্রবেশের পথ হিসেবেও মনে করা হয়। ইতিমধ্যে নির্বাচকদের নজরে আছেন বিহারের এই তরুণ। এই স্কোয়াডে থেকে ভালো পারফর্ম করলে বিশ্বকাপ খেলার সুযোগও পেতে পারেন তিনি।

গতবারের মতো এবছরও আইপিএলে নিজের ছন্দ বজায় রেখে একের পর এক দুরন্ত ইনিংস উপহার দিচ্ছেন রাজস্থানের এই তরুণ ওপেনার। চলতি মরসুমে বৈভব একটি চর্চিত নাম। তাঁর জাতীয় দলে ডাক আসার আলোচনা আগেই শুরু হয়ে গিয়েছিল। এবার তা সত্যি হল। ভারতের এ দলে জ্বলে উঠতে পারলেই সোজা হার্দিক, সূর্যকুমারদের মতো সিনিয়রদের সঙ্গে খেলার সুযোগ পাবেন এবং স্বপ্ন পূরণ করতে পারবেন।