নয়াদিল্লি ও ওয়াশিংটন: অবশেষে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বড় স্বস্তি! কয়েকদিন আগের ঘোষণার পর এবার আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। পাশাপাশি, ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোর রূপরেখাও চূড়ান্ত হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর ধন্যবাদ ও আশাবাদ
‘এক্স’ হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ভারত ও আমেরিকার জন্য সুখবর। অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কাঠামোতে সম্মত হয়েছে দুই মহান দেশ। আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প যে অঙ্গীকার করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ জানাই।”
প্রধানমন্ত্রী আশাবাদী যে, এই পদক্ষেপের ফলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প আরও গতি পাবে। বিশেষ করে দেশের কৃষক, মৎস্যজীবী এবং এমএসএমই (MSME) সেক্টরের জন্য নতুন ব্যবসার দরজা খুলে গেল। একইসঙ্গে, যুবসমাজ ও মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ ব্যাপকহারে বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
বাণিজ্য মন্ত্রীর প্রতিক্রিয়া US India Trade Deal
এই বাণিজ্য কাঠামোর ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও। তিনি জানান, এর ফলে আমেরিকায় ভারতের রফতানি বহুগুণ বৃদ্ধি পাবে। পীযূষ গোয়েল বলেন, “৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার ভারতের রফতানির জন্য খুলে গেল।”
চুক্তির বিশেষ দিক
চূড়ান্ত হওয়া অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো অনুযায়ী, আগামী ৫ বছরে ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য কিনবে। ওয়াকিবহাল মহলের মতে, এই অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত হওয়ার ফলে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা ‘বাইল্যাটারাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’ (BTA)-এর পথ প্রশস্ত হলো।




















