‘আমরা প্রতিদ্বন্দ্বী নই, অংশীদার’, ট্রাম্পের সামনেই বিশ্বকে বার্তা জিনপিংয়ের

বেইজিং: দীর্ঘ প্রায় এক দশকের খরা কাটিয়ে চিনের মাটিতে পা রাখলেন কোনও আসীন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার বেইজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ঐতিহাসিক ...

By Moumita Biswas

Published:

Follow Us
Trump Xi Jinping Meeting 2026

বেইজিং: দীর্ঘ প্রায় এক দশকের খরা কাটিয়ে চিনের মাটিতে পা রাখলেন কোনও আসীন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার বেইজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ঐতিহাসিক শীর্ষ বৈঠকে মিলিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ, বাণিজ্য এবং তাইওয়ান ইস্যুর মতো একাধিক জটিল বিষয়ের আবহে দুই মহাশক্তিধর রাষ্ট্রের এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে। (Trump Xi Jinping Meeting 2026)

শি-কে ‘দুর্দান্ত নেতা’ তকমা ট্রাম্পের

বৈঠকের শুরুতেই শি জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। তিনি জিনপিংকে একজন ‘দুর্দান্ত নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, “আমেরিকা ও চিনের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি মজবুত হতে চলেছে। আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।” জিনপিংয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প একে একটি ‘বিরল সম্মান’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, অতীতে যখনই কোনও সমস্যা হয়েছে, তাঁরা ফোনের মাধ্যমে দ্রুত তার সমাধান করে নিয়েছেন।

   

‘প্রতিদ্বন্দ্বী নয়, আমরা অংশীদার’, বার্তা জিনপিংয়ের

অন্যদিকে, ট্রাম্পকে স্বাগত জানিয়ে শি জিনপিং বলেন, বর্তমান বিশ্ব এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। তাঁর মতে, স্থিতিশীল চিন-মার্কিন সম্পর্ক গোটা বিশ্বের জন্য আশীর্বাদ। জিনপিং স্পষ্ট ভাষায় জানান, “সহযোগিতা দুই দেশেরই মঙ্গল করে, কিন্তু সংঘাত উভয়েরই ক্ষতি করে। আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া উচিত।” চিনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, দুই দেশ ‘থুসিডাইডস ট্র্যাপ’ (Thucydides Trap) বা বড় শক্তির সংঘাত এড়িয়ে সম্পর্কের একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে সক্ষম হবে।

রাজকীয় অভ্যর্থনা ও হাই-প্রোফাইল সফর

এদিন বেইজিংয়ে ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। দুই দেশের জাতীয় সংগীতের সুর আর তোপধ্বনির আবহে খুদে স্কুলপড়ুয়ারা দুই দেশের পতাকা নেড়ে ট্রাম্পকে অভিবাদন জানায়। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ট্রাম্পের এবারের সফরে তাঁর সঙ্গে রয়েছেন টেসলা-প্রধান ইলন মাস্ক এবং এনভিডিয়া-র জেনসেন হুয়াং-এর মতো প্রথম সারির মার্কিন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, ২০১৭ সালের পর ট্রাম্পের এটিই প্রথম চিন সফর। তবে গতবারের সফরে মেলানিয়া ট্রাম্প তাঁর সঙ্গী হলেও এবার তিনি অনুপস্থিত। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ট্রাম্প ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শনে যাবেন এবং সন্ধ্যায় দুই নেতার এক রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google