Alex Saji: অ্যালেক্স সাজিকে নিতে মরিয়া কলকাতার দুই প্রধান, কে করবে বাজিমাত?

গত রবিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। ঠিক তাঁর পরের দিন কান্তিরাভায় ম্যাচ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
alex saji

গত রবিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। ঠিক তাঁর পরের দিন কান্তিরাভায় ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। যারফলে হাতে মাত্র আর কয়েকটা সপ্তাহ। এই অল্প সময়ের মধ্যেই নিজেদের সম্পূর্ণ প্রস্তুত করে নেওয়ার লক্ষ্য ময়দানের দুই প্রধানের।

   

বিশেষ করে রক্ষণভাগকে শক্তিশালী করতে এক ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে মরিয়া মোহনবাগান ও ইস্টবেঙ্গল‌ । সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই বারংবার উঠে এসেছে অ্যালেক্স সাজির (Alex Saji ) নাম। উল্লেখ্য , গত ফুটবল মরসুমে থাংবোই সিংতোর হায়দরাবাদ এফসির হয়ে খেলেছিলেন বছর চব্বিশের এই রাইট ব্যাক। সিজন জুড়ে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন এই ফুটবলার।

স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে দলে টানতে মরিয়া হয়ে ওঠে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার পর থেকেই বারংবার উঠে আসতে থাকে কেরালার এই ফুটবলারের নাম। প্রথমদিকে তাঁকে নেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে গত কয়েকদিনে বদলে গিয়েছে পরিস্থিতি। অ্যালেক্স সাজিকে নেওয়ার জন্য এবার আসরে নেমেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট।

হিসাব অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত নিজামের শহরের এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। কিন্তু নয়া আইএসএল মরসুমের জন্য বাড়তি ট্রান্সফার ফি দিয়ে সাজিকে দলে টানতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। অপরদিকে এই তরুণ ডিফেন্ডারকে মোহনবাগানে পাঠানোর ক্ষেত্রে ও‌ নাকি যথেষ্ট আগ্ৰহ দেখিয়েছে হায়দরাবাদ। সেক্ষেত্রে সোয়াপ ডিলের মধ্য দিয়ে সবুজ-মেরুনের দুই ফুটবলারকে দলে চাইছে আইএসএলের এই ফুটবল ক্লাব।
যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে অ্যালেক্স সাজির ভবিষ্যত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google