ভোটের মুখে ৩ হাজারের কার্ড কেন? বিজেপির বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল

কলকাতা: বিধানসভা নির্বাচনের আবহে ফের চরমে শাসক-বিরোধী তরজা। এবার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গুরুতর আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মহিলাদের ...

By Moumita Biswas

Published:

Follow Us
TMC complaint EC against BJP

কলকাতা: বিধানসভা নির্বাচনের আবহে ফের চরমে শাসক-বিরোধী তরজা। এবার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গুরুতর আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেরুয়া শিবিরের ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড ছাপানো এবং তা বাড়ি বাড়ি বিলি করা নিয়েই তীব্র আপত্তি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

কী নিয়ে এই নয়া বিতর্ক?

ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার কথা নিজেদের নির্বাচনী ইস্তাহারেই জানিয়েছিল বিজেপি। সম্প্রতি বাংলায় ভোট প্রচারে এসে সেই প্রতিশ্রুতিতেই সিলমোহর দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ইস্তাহারে ‘নিম্ন’ ও ‘নিম্ন মধ্যবিত্ত’ মহিলাদের কথা বলা হলেও, বুধবার এক সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানি স্পষ্ট করে দেন যে, কোনও ভেদাভেদ নয়, বরং বাংলার প্রতিটি মহিলাই এই ভাতার আওতায় আসবেন। শুভেন্দু অধিকারী ও রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডের সূচনা করেন স্মৃতি। প্রতীকীভাবে কয়েকজন মহিলার হাতে সেই কার্ড তুলেও দেওয়া হয়।

   

তৃণমূলের অভিযোগ, ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বিজেপির মহিলা মোর্চার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডের ফর্ম বিলি এবং তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন। ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হবে বলে দাবি করছে গেরুয়া শিবির।

ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো

বিজেপির এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে সরাসরি ভোটারদের প্রলোভন দেখানোর কৌশল বলে আক্রমণ করেছেন তিনি।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি টাকার বান্ডিল নিয়ে এসেছে। এখন থেকেই রাজ্যে টাকা বিলি করছে। একটা কার্ডও বিলি করছে, যেখানে বলা হচ্ছে ভোটের পরে মেয়েদের টাকা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ভোটের আগে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড বিলি করার সাহস কী করে পাচ্ছে, এটা আদর্শ আচরণবিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই কার্ড বিলি যেন বন্ধ হয়।”

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই তৃণমূলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে বিজেপির এই কার্ড বিলি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার, এই ইস্যুতে কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google