বাংলাদেশের পথেই হাঁটছে পাকিস্তান! বিরাট সিদ্ধান্ত বোর্ডের?

টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 World Cup) ঘিরে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন। বাংলাদেশের বাদ পড়ার পর এবার বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছে পাকিস্তানের সম্ভাব্য অবস্থান ঘিরে। গোটা টুর্নামেন্ট নয়, ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
t20-world-cup-india-vs-pakistan-match-boycott-pcb

টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 World Cup) ঘিরে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েন। বাংলাদেশের বাদ পড়ার পর এবার বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছে পাকিস্তানের সম্ভাব্য অবস্থান ঘিরে। গোটা টুর্নামেন্ট নয়, বরং শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কৌশল নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এমনটাই দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমের।

প্রতিবেদনে বলা হয়েছে, PCB চেয়ারম্যান মহসিন নকভি শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকেই ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার প্রস্তাব তুলে ধরতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেত মিললে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানানো হবে আইসিসিকে।

   

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে শুরু থেকেই ‘অন্যায়’ বলে দাবি করে আসছে পাকিস্তান। আইসিসির বৈঠকে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। নিরাপত্তার যুক্তিতে বাংলাদেশ তাদের ম্যাচ ভারতের বাইরে সরানোর আবেদন করেছিল, তাতে সমর্থন জানিয়েছিলেন নকভি। যদিও আইসিসি সেই দাবি মানেনি এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে খেলায় নিরাপত্তার কোনও ঝুঁকি নেই।

প্রথম দিকে বিশ্বকাপ পুরোপুরি বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছিল PCB। নকভি নিজেই জানিয়েছিলেন, পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেই সিদ্ধান্ত সরকারের হাতে। তবে বোর্ড ভালভাবেই জানে, পুরো টুর্নামেন্ট বয়কট করলে ভয়াবহ পরিণতি হতে পারে। আইসিসির নির্বাসন, বড় অঙ্কের আর্থিক ক্ষতি, ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজে অনাগ্রহ এবং পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে জটিলতা। সবই রয়েছে সেই ঝুঁকির তালিকায়।

এই পরিস্থিতিতেই সামনে এসেছে ‘নতুন কৌশল’। গোটা বিশ্বকাপ নয়, শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচে না নামলে পাকিস্তান ২ পয়েন্ট হারাবে ঠিকই, কিন্তু পিসিবির অন্দরমহলের হিসাব বলছে আসল আর্থিক ধাক্কা খাবে আইসিসিই। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় রাজস্বের উৎস।

খেলাগত দিক থেকেও পাকিস্তান খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না বলেই মনে করা হচ্ছে। ভারতের পাশাপাশি তাদের গ্রুপে রয়েছে নামিবিয়া, আমেরিকা ও নেদারল্যান্ডস। এই তিন দলের বিরুদ্ধে জিতলে নকআউটে ওঠার সম্ভাবনা যথেষ্টই উজ্জ্বল। ফলে ভারতের ম্যাচ ছাড়লেও টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার রাস্তা খোলা থাকছে।

উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তান দল আগেই ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত শ্রীলঙ্কায় দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সরকারি অনুমোদন মেলেনি। এক শীর্ষ সরকারি সূত্রের কথায়, “এটা শুধু ক্রিকেট নয়, নীতির প্রশ্ন। আন্তর্জাতিক খেলায় দ্বিচারিতা মেনে নেওয়া যায় না।”

পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছাড়াও আরও কিছু প্রতীকী প্রতিবাদের পথ খোলা রাখছে বোর্ডের হাতে। এর মধ্যে কালো আর্মব্যান্ড পরে খেলা, অথবা টুর্নামেন্টে পাওয়া প্রতিটি জয় বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ করা।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google