কলকাতা: নির্বাচনের আগে উদ্ধার লক্ষাধিক টাকা৷ ভোটের আগে রাজ্যে বেআইনি নগদ লেনদেনের উপর নজরদারি জোরদার করেছে প্রশাসন৷ সেই প্রেক্ষাপটে নিউটাউনে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ শুক্রবার সিটি সেন্টার ২ এলাকায় ফ্লাইং স্কোয়াড টিমের তল্লাশিতে একটি গাড়ির ডিকি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়৷ ঘটনায় গ্রেফতার হয়েছেন গাড়ির মালিক ঠাকুর সুরজিৎ আভেশং৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হচ্ছে৷ সেই অনুযায়ী শুক্রবার সকালে নিউটাউনের একটি এলাকায় একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়৷ এরপর তল্লাশি চালাতে গাড়ির ডিকি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়৷ ব্যাগ খুলতেই দেখা যায় সেখানে একাধিক টাকার বান্ডিল রাখা রয়েছে৷ পরে গণনায় মোট ২৫ লক্ষ টাকা পাওয়া যায়৷
গাড়িতে একাই ছিলেন সুরজিৎ আভেশং৷ অফিসাররা তার কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি কোনও বৈধ নথি দেখাতে পারেননি৷ কোথা থেকে এই টাকা এসেছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়েও তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারেননি৷ ফলে পুলিশ সন্দেহের ভিত্তিতে নগদ অর্থ বাজেয়াপ্ত করে এবং তাকে গ্রেফতার করেছে৷
উদ্ধার হওয়া টাকার উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ ধৃত ব্যক্তির আর্থিক লেনদেন ও যোগাযোগের বিষয়েও তদন্ত চলছে৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনও ধরনের বেআইনি কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে৷




















