কলকাতা: শীর্ষ আদালতের কড়া নির্দেশ মেনে অবশেষে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ভোটাররা নিজেদের এপিক (EPIC) নম্বর দিয়ে সহজেই চেক করে নিতে পারবেন তাঁদের নামের নিষ্পত্তি হয়েছে কি না।
সুপ্রিম কোর্টের নির্দেশ ও কমিশনের পদক্ষেপ
সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ নম্বর ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জানিয়েছিল, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণের আগে ২১ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত বাদ পড়া যে ভোটারদের আবেদন ট্রাইব্যুনালে স্বীকৃতি পাবে, তাঁদের নাম সর্বশেষ ভোটার তালিকায় তুলতে হবে।
সিইও-র বক্তব্য: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবাল জানিয়েছেন, ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দিয়েছে, তাঁদের নাম তালিকায় যুক্ত করা হয়েছে।
তালিকায় কী কী থাকছে: ইতিমধ্যেই ‘অ্যাডিশন’ এবং ‘ডিলিশন’ (যোগ এবং বাতিল), এই দু’টি তালিকাই প্রকাশ করা হয়েছে। যে বুথগুলিতে এখনও ভোটারদের তথ্যের নিষ্পত্তি হয়নি, ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে ক্লিক করলে সেই বুথগুলির নামও জানা যাবে।
পূর্ণাঙ্গ তালিকা বুধবার বিকেলে Supplementary Voter List India
কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন ভোটারদের মধ্যে শেষ পর্যন্ত মোট কতজনের নাম উঠল এবং কতজনের নাম চূড়ান্ত বাতিল হল, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সম্বলিত তালিকা বুধবার বিকেলের মধ্যেই প্রকাশ করা হবে।
পরিসংখ্যান একনজরে
আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে প্রথম দফার মেগা নির্বাচন। এসআইআর (SIR) শুরু হওয়ার আগে এই আসনগুলিতে মোট ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৯৮ লক্ষ ১৪ হাজার ৮০১ জন। এর মধ্যে বিবেচনাধীন বা পেন্ডিং ভোটারের সংখ্যা ছিল ৩৬ লক্ষ ৫৮ হাজার ৫১৭ জন। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলা আসনগুলিতে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন।
বিবেচনাধীন তালিকায় থাকা যে ভোটারদের নাম বিচারকদের নির্দেশে ভোটার তালিকায় ওঠেনি, তাঁরা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে পুনরায় আবেদন জানিয়েছেন।




















