সায়ন সেনগুপ্ত, কলকাতা: গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের (FIFA World Cup) পরের রাউন্ডে চলে গেল ব্রাজিল। সূচি অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নেমেছিল কার্লো আনচেলত্তির ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল স্কটল্যান্ড। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বজয়ীরা। জোড়া গোল ভিনিসিউস জুনিয়রের। এছাড়াও একটি গোল পেয়েছেন ম্যাথিউজ কুনহা। এই জয়ের সুবাদে নিজেদের গ্ৰুপ টেবিলের শীর্ষে থাকল ব্রাজিল। এছাড়াও দ্বিতীয় ম্যাচে হাইতিকে পরাজিত করে এই গ্ৰুপ থেকেই দ্বিতীয় হয়েই পরের রাউন্ডে চলে গেল মরক্কো।
এদিন ম্যাচের শুরুতেই এসে গিয়েছিল গোল। ৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুল-বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। তারপর ১১ মিনিটের মাথায় ঝড়ের বেগে উঠে এসে শট নিয়েছিলেন ম্যাথিউজ কুনহা। যদিও সেটা টার্গেটে থাকেনি। মিনিট কয়েকের মধ্যেই সুযোগ নষ্ট করেন ভিনি। ২২ মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল তুলেই ফেলেছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু সেটিকে পরবর্তীতে বাতিল করে দেওয়া হয় ম্যাচ রেফারির তরফে। ঘনঘন এই আক্রমণের ঝাপটা কোনওরকমে সামাল দিয়ে ম্যাচে ফিরতে শুরু করেছিল স্কটিশরা। লুইস ফার্গুসন শট নিলেও সেটি আটকে যায় ব্রাজিল ডিফেন্সে।
ঠিক তিন মিনিটের মাথায় ফের সুযোগ তৈরি করে ফেলেছিল স্কটল্যান্ড কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপর আরও কয়েকবার আক্রমণে উঠে আসলেও খুব একটা সুবিধা করতে পারেনি ব্রাজিল। তবে প্রথমার্ধের ৪৫ মিনিটের পর অতিরিক্ত সময়ের মধ্যেই দুরন্ত হেড থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ভিনি। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় গোল করে দলকে আরও এগিয়ে দেন কুনহা। ব্রুনোর দক্ষতাকে কাজে লাগিয়েই ওতপাতা শিকারীর মতো গোল করে যান তিনি।
ম্যাচের অন্তিম কোয়ার্টারে মাঠে আসেন নেইমার জুনিয়র। চোট সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে আসেন এই তারকা। অপরদিকে, স্কটল্যান্ড তখন ও আক্রমণে উঠে আসলেও গোলের মুখ খুলতে পারেনি।



