
গত মঙ্গলবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্বপনসাধন বসু। ওরফে টুটু বসু। যা নিয়ে বর্তমানে শোকস্তব্ধ কলকাতা ময়দান। গতবছর মোহনবাগান দিবসে ‘মোহনবাগান রত্নে’ সম্মানিত হয়েছিলেন ক্লাবের এই প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী। তারপর মাইক্রোফোন হাতে সকলের সামনে তুলে ধরেছিলেন ক্লাব সম্পর্কিত বহু অজানা তথ্য। কিছু মাসের ব্যবধান। তাঁর মধ্যেই সব শেষ। তাঁর চলে যাওয়া এখনও যেন মন থেকে বিশ্বাস করতে পারেননি বাংলার ফুটবলপ্রেমীরা। পূর্ব পরিকল্পনা মতোই আজ সকালে নির্ধারিত সময় নিজের বাসভবন থেকে ময়দানের ক্লাব তাঁবুতে আনা হয়েছিল তাঁর মরদেহ।
শ্রদ্ধা জানাতে সবুজ-মেরুন তাঁবুতে ভিড় করেছিলেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ফুটবলার সহ বহু রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও ছিলেন বহু ফুটবলপ্রেমী। পাশাপাশি বাগানের এই প্রাক্তন সভাপতিকে সম্মান জানিয়ে নিজেদের স সাইট থেকে বিশেষ পোস্ট করে পড়শী দুই প্রধান। তথা ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। ইস্টবেঙ্গলের তরফে টুটু বসুর ছবি আপলোড করে লেখা হয়, ‘প্রতিদ্বন্দ্বিতা আমাদের পরিচয় নির্ধারণ করে, কিন্তু আমাদের সম্পর্ক সেগুলোকে অতিক্রম করে যায়। বছরের পর বছর ধরে পারস্পরিক শ্রদ্ধা, প্রশংসা এবং ময়দানের মজাদার খুনসুটি আমাদের একত্রিত করেছিল। শান্তিতে থাকুন, টুটু দা। আপনাকে ছাড়া কলকাতা ময়দান আর আগের মতো থাকবে না।’
পাশাপাশি সাদা-কালো ব্রিগেডের সোশ্যাল সাইট থেকে লেখা হয়, ‘ সবুজ-মেরুন পরিবারের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের অবসান। প্রয়াত হয়েছেন মোহনবাগান রত্ন টুটু বসু। তাঁর অবদান, এবং মোহনবাগানের প্রতি আত্মনিবেদন চিরকাল আমাদের স্মরণে থাকবে। এছাড়াও আরও বলা হয়, ‘আমরা মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি ও আন্তরিক সমবেদনা। বাংলার ক্রীড়াজগত আজ এক অভিভাবককে হারাল।’

