নয়াদিল্লি: দীর্ঘ এক দশকের বেশি সময় রাজস্থান রয়্যালসের (RR) জার্সিতে কাটানোর পর IPL ২০২৬-এর আগে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। যোগ দেন পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে (CSK)। এবার সেই সিদ্ধান্তের নেপথ্যের কারণ প্রকাশ করলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর কথায়, মহেন্দ্র সিং ধোনির প্রভাব, CSK-র সংস্কৃতি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই তাঁকে চেন্নাইয়ে টেনে নিয়ে যায়।
ধোনির প্রভাবেই CSK-তে যোগ
JioHotstar-এর ‘Superstars’ অনুষ্ঠানে সঞ্জু বলেন, CSK ছাড়াও তাঁর সামনে আরও কয়েকটি বিকল্প ছিল। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাইকেই বেছে নেন। সঞ্জুর কথায়, “দু-তিনটি অপশন ছিল। কিন্তু সত্যি বলতে, CSK, মাহি ভাইয়ের প্রভাব, এই ফ্র্যাঞ্চাইজির পরিবেশ এবং সেখানে থাকা আমার বন্ধুদের জন্যই সিদ্ধান্তটা সহজ হয়ে যায়। বিশেষ করে ঋতুরাজের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।”
তিনি আরও জানান, অন্যান্য ক্রিকেটারদের কাছ থেকেও CSK সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতা শুনেছিলেন। তাই মনে হয়েছিল, এই দল তাঁর ক্রিকেটীয় মানসিকতার সঙ্গে মানানসই হবে।
Also Read | “সিএফএল কি আদৌ পেশাদার লিগ?” বিষ্ফোরক ব্যারেটো
রাজস্থান ছাড়া ছিল কঠিন সিদ্ধান্ত
২০১৩ সালে প্রথম রাজস্থান রয়্যালসে যোগ দেন সঞ্জু। মাঝে দিল্লি ক্যাপিটালসে গেলেও ২০১৮ সালে ফের রাজস্থানে ফিরে আসেন। এরপর ২০২১ সালে অধিনায়কত্ব পান এবং ২০২২ সালে দলকে IPL ফাইনালেও তুলেছিলেন। তবে ২০২৫ মরসুমের পর তিনি অনুভব করেন, নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে।
সঞ্জু বলেন, “এত বছর একটি দলের হয়ে খেললে সেই দলটাকেই নিজের দল বলে মনে হয়। কিন্তু আমি জানতাম, প্রত্যেকেরই একটা সময় থাকে। আমার মনে হয়েছিল, রাজস্থান এখন সঞ্জু স্যামসনকে ছাড়াও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তখনই দল ছাড়ার সিদ্ধান্ত নিই।”
CSK-তে যাওয়ার পথও সহজ ছিল না
সঞ্জু জানিয়েছেন, শুধু তাঁর ইচ্ছা থাকলেই ট্রেড সম্ভব ছিল না। CSK, রাজস্থান রয়্যালস এবং তাঁকে, তিন পক্ষকেই সম্মত হতে হয়েছে।
“আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা কি আমাকে চাইছিল? আবার আমার পুরনো দলকেও ট্রেডে সন্তুষ্ট হতে হয়েছে। শেষ পর্যন্ত সবকিছু মিলে যাওয়ায় আমি CSK-তে যোগ দিতে পেরেছি।”
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
ধোনিই ছোটবেলার আইডল
সঞ্জু স্যামসন আবারও জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিই তাঁর ছোটবেলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি বলেন, “প্রতিটি শিশুরই একজন আদর্শ থাকে। আমার ক্ষেত্রে সেই মানুষটি মাহি ভাই। তাঁর নেতৃত্ব এবং আগ্রাসী ব্যাটিং আমাকে সবসময় আকর্ষণ করেছে।”
এমনকি CSK-র জার্সিতে একদিন ধোনির সঙ্গে ব্যাট করার স্বপ্ন এখনও অপূর্ণ বলেও জানান তিনি। যদিও চোটের কারণে ধোনি IPL ২০২৬ খেলতে পারেননি।
CSK-র হয়ে প্রথম মরসুম কেমন গেল?
চেন্নাইয়ের হয়ে প্রথম মরসুমে সঞ্জু স্যামসন ব্যক্তিগতভাবে সফল ছিলেন।
• ১৪ ম্যাচে ৪৭৭ রান
• ২টি শতরান
• ১টি অর্ধশতরান
• CSK-র সর্বোচ্চ রান সংগ্রাহক
তবে দল হিসেবে CSK ভালো করতে পারেনি। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিতে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে শেষ করে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।





