সোহিনী পোড়েল, কলকাতা: রবিবাসরীয় সন্ধ্যায় ক্রিকেটে নন্দনকাননে ডু অর ডাই ম্যাচ খেলতে নামে (T20 World Cup) ভারত। এই ম্যাচের ওপর ভারতের সেমির ভাগ্য নির্ভর করছিল। সঞ্জু ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের টিকিট পেয়ে গেল টিম ইন্ডিয়া। কালীঘাটে পুজো দেওয়া সার্থক হল সূর্যদের হেড স্যার গৌতম গম্ভীরের। ক্যারিবিয়ানদের উড়িয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল সূর্যরা।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার রোস্টন চেজ ২৫ বলে ৪০ রান ও শাই হোপ ৩৩ বলে ৩২ রান তুলে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৭(১২) রান তোলেন। রভম্যান পাওয়েল ১৯ বলে ৩৪ রান ও জেসন হোল্ডার ২২ বলে ৩৭ রান তুলে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী ১ টি এবং জশপ্রীত বুমরা ২ টি উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক শর্মা মাত্র ১০(১১) রান স্কোরবোর্ডে যোগ করেন। আরেক ওপেনার সঞ্জু স্যামসন বাইশ গজে ঝড় তোলেন। ৫০ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১২ টি চার ও ৪ টি ছয় দিয়ে। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৬ বলে ১৮ রান তুলে ক্যাচ আউট হন। তিলক বর্মা ২৭(১৫) রান, হার্দিক পান্ডিয়া ১৭(১৪) রান তুলে সাজঘরে ফেরেন। সঞ্জুকে যোগ্য সঙ্গ দেন শিবম দুবে। ৪ বলে ৮ রান তুলে অপরাজিত ছিলেন তিনি। ক্যারিবিয়ানদের হয়ে জেসন হোল্ডার ও শামার জোসেফ ২ টি এবং আকিল হোসেন ১ টি করে উইকেট সংগ্রহ করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে সেমিতে ভারত।




















