ভারতের তরুণী ব্যাডমিন্টন তারকা রাখশিথা শ্রী সন্তোষ রামরাজ (Rakshitha Ramraj) ভিয়েতনাম ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৬ জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার জোরালো প্রমাণ দিলেন। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে শিরোপা জয় করে তিনি ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ হিসেবে আরও একবার নজর কাড়লেন।
রবিবার ১৮ বছরের রাখশিথা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে হংকংয়ের লো সিন ইয়ান হ্যাপিকে ১৬-২১, ২১-১৫, ২১-১৬ স্কোরে পরাজিত করেন এবং আন্তর্জাতিক মঞ্চে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। টুর্নামেন্ট জুড়ে রাখশিথার পারফরম্যান্স ছিল অত্যন্ত ধারাবাহিক ও আত্মবিশ্বাসী। ফাইনালে তিনি দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। জানা ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও তিনি দ্রুত ঘুরে দাঁড়ান এবং নিজের আক্রমণাত্মক খেলার মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
এর আগে সেমিফাইনালে তিনি মালয়েশিয়ার অভিজ্ঞ শাটলার কিসোনা সেলভাদুরাইকে একতরফাভাবে হারিয়ে ফাইনালে ওঠেন। পুরো ম্যাচে তার নিখুঁত নেট প্লে ও শক্তিশালী স্ম্যাশ প্রতিপক্ষকে কার্যত কোন সুযোগই দেয়নি। তাঁর দ্রুত গতি, কোর্ট কভারেজ এবং মানসিক দৃঢ়তা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। কোচিং স্টাফের সহায়তায় তার ট্যাকটিক্যাল খেলার উন্নতিও স্পষ্টভাবে চোখে পড়ছে।
এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, ভারতীয় মহিলা ব্যাডমিন্টনের জন্যও একটি বড় ইতিবাচক বার্তা। নতুন প্রজন্মের খেলোয়াড় হিসেবে রাখশিথা রামরাজ আগামী দিনে আরও বড় মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন, এমনটাই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।


