
Kolkata, April 24: বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এর কোনো কমার্শিয়াল পার্টনার নেই। গতকাল কমার্শিয়াল রাইটস বিষয়ে একটি বৈঠকের ডাক দেয় ভারতের ফুটবল সংস্থা। জিনিয়াস স্পোর্টস এবং ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাবগুলির মালিক ও প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে অনুপস্থিত ছিল মোহনবাগান এসজি।
ভার্চুয়াল এই বৈঠকের উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান সুপার লিগকে একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক ফুটবল আসর হিসেবে আরও উন্নত করা। পাশাপাশি সমর্থকদের সম্পৃক্ততা এবং বাণিজ্যিক স্থায়িত্ব জোরদার করাও এর লক্ষ্য ছিল। এই মিটিংয়ে ক্লাবজোটের প্রতিনিধিদের কাছে নিজেদের ভবিষ্যতের রূপরেখা এবং প্রযুক্তিগত পরিকল্পনা তুলে ধরে জিনিয়াস স্পোর্টস।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে ক্লাবজোটে কলকাতার ইস্টবেঙ্গল, মহামেডান সহ সিংহভাগ কর্মকর্তা উপস্থিত থাকলেও, মোহনবাগান সুপার জায়ান্ট এই আলোচনায় অংশ নেয়নি। জিনিয়াস স্পোর্টস আগেই ২০ বছরে ২ হাজার কোটি টাকার লগ্নির অফার করেছিল। তবে মোহনবাগান এই লগ্নিতে অসন্তুষ্ট। মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নতুন করে কমার্শিয়াল পার্টনারের বিড প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন।
এই বৈঠকে আইএসএল-এর অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও বাণিজ্যিক কৌশল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ম্যাচ পরিচালনার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি, ধারাবাহিকতা ও স্বচ্ছতা উন্নয়নে এআই চালিত রেফারিং টুলসও ছিল আলোচনার অংশ। এছাড়া বৈঠকে প্রস্তাবিত রূপরেখায় ক্লাবগুলোর জন্য একটি রেভিনিউ-শেয়ারিং মডেলের কথা বলা হয়েছে। যা লিগের ভবিষ্যৎ উন্নয়নের সহায়ক।
নর্থইস্ট, পাঞ্জাব এফসি, ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়ার মতো ক্লাবগুলোর প্রতিনিধিরা বৈঠকে জিনিয়াস স্পোর্টসের প্রস্তাবে রীতিমতো উৎসাহী। পরবর্তী ধাপে, জিনিয়াস স্পোর্টসকে ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সামনে রেভিনিউ শেয়ারিং-এর সম্পূর্ণ মডেল উপস্থাপনা পেশ করতে বলা হয়েছে। যার পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা সাধারণ সভায় তোলা হবে।

