কলকাতা: গত ২৩ মার্চ সন্ধ্যায় আইএসএলের পঞ্চম ম্যাচে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব তথা ইস্টবেঙ্গলের সঙ্গে। শেষ পর্যন্ত সাত গোলের বিরাট বড় ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হতে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। যা কিছুতেই মেনে নিতে পারেননি সমর্থকরা। সেদিন মাঠে উপস্থিত থাকা মহামেডান সমর্থকদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল ব্যাপকভাবে। এবার তার মাশুল হিসেবে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়ল মহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচ কমিশনারেটের রিপোর্ট অনুযায়ী সেদিন ম্যাচের পঞ্চানন মিনিটের মাথায় ইউসেফ ইজ্জেজারি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে যাওয়ার পর অশান্তি শুরু হয় সাদা-কালো গ্যালারিতে। বলাবাহুল্য, সেই সময় সাদা-কালো সমর্থকদের প্রানের প্রিয় মহামেডান স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ স্লোগান উঠে আসতে শুরু করেছিল ইস্টবেঙ্গল সমর্থকদের ‘সি’ ‘টু’ গ্যালারির সমর্থকদের একাংশের তরফ থেকে। যা কিছুতেই সহ্য করতে পারেননি মাঠে উপস্থিত থাকা মহামেডান স্পোর্টিং সমর্থকরা। স্বাভাবিকভাবেই মেজাজ হারাতে শুরু করে অনেকে।
এমন পরিস্থিতিতে নিজেদের গ্যালারি থেকে চেয়ার নিয়ে প্রতিপক্ষ গ্যালারির দিকে ছুঁড়তে শুরু করে অনেকে। একে একে প্রায় তিনটি চেয়ার উড়ে যায় লাল-হলুদ গ্যালারির দিকে। এমনকি দুই গ্যালারির মাঝে থাকা ফেন্সিং ও ভাঙার চেষ্টা করতে দেখা যায় বেশ কয়েকজন সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে আসলেও তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় সাদা-কালো সমর্থকদের। এই সমস্ত কিছুর দরুন এবার বিশেষ আর্টিকেলের মধ্যে দিয়ে আর্থিক জরিমানার নোটিশ পাঠানো হয় রেড রোডের এই ফুটবল ক্লাবে।
যতদূর খবর, তাতে প্রায় তিন লাখ টাকার বেশি অঙ্কের জরিমানা করা হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে অ্যাওয়ে ম্যাচে এই জরিমানা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্লাবের অন্দরে।



















