বিশ্বকাপের উন্মাদনায় রঙিন কলকাতা, ফুটবল জ্বরে মাতল ‘বিশ্বকাপ গলি’

ফকির চক্রবর্তী লেনে বিশ্বকাপ ঘিরে ফুটবল উৎসবের আবহ। পতাকা, গ্রাফিতি ও বিশেষ শিল্পকর্মে জমে উঠেছে কলকাতার ফুটবলপ্রেমীদের উদযাপন।

kolkata-world-cup-gali-football-fever-fakir-chakraborty-lane

স্পোর্টস ডেস্ক, কলকাতা: বিশ্বকাপের (World Cup 2026) জ্বর এখন শুধু আমেরিকা, কানাডা বা মেক্সিকোর স্টেডিয়ামেই সীমাবদ্ধ নেই, তার উন্মাদনা পৌঁছে গিয়েছে কলকাতার অলিগলিতেও। বিশেষ করে উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেনের বিখ্যাত ‘বিশ্বকাপ গলি’ যেন আবারও ফুটবল উৎসবের রঙে সেজে উঠেছে। বিশ্বকাপ শুরু হতেই এই গলিতে ফুটে উঠেছে ফুটবলপ্রেমীদের আবেগ, ভালোবাসা এবং সৃজনশীলতা।

আরও পড়ুন: প্রভসুখান সিং গিলের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে লাল-হলুদ

গলির দু’ধারে এখন শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। ব্রাজিলের হলুদ-সবুজ, আর্জেন্টিনার নীল-সাদা কিংবা পর্তুগালের লাল-সবুজ রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। রাতভর চলছে বিশ্বকাপের ম্যাচ দেখা, আর পাশাপাশি চলছে গলিকে আরও আকর্ষণীয় করে তোলার কাজ। দেওয়ালে আঁকা হচ্ছে বিশ্বের সেরা ফুটবলারদের ছবি। কোথাও দেখা যাচ্ছে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, কোথাও আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপনের মুহূর্ত। নেইমার, এমবাপে-সহ একাধিক তারকার ছবিও জায়গা করে নিয়েছে এই ফুটবলপাগল পাড়ার দেয়ালে।

   

আরও পড়ুন:বাংলার জার্সিই সবচেয়ে বড় স্বপ্ন, আবেগঘন বার্তা ফুটবলার মিঠুন করের

এই গলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফুটবলকে কেন্দ্র করে ঐক্যের বার্তা। মাঠের লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, এখানে সেই বিভেদ যেন মিলিয়ে যায়। তারই এক অনন্য উদাহরণ দেখা গেল একটি গ্রাফিতিতে, যেখানে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় নেইমারের ছবি আঁকা হয়েছে। ফুটবল যে শেষ পর্যন্ত সব ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একসঙ্গে নিয়ে আসে, এই শিল্পকর্ম যেন সেই কথাই মনে করিয়ে দেয়।

বিশ্বকাপ উপলক্ষে শুধু খেলোয়াড়দের ছবি নয়, সাজানো হয়েছে গোটা গলির পরিবেশ। বিভিন্ন দেশের পতাকার পাশাপাশি রয়েছে বিশ্বকাপ ট্রফির বিশাল চিত্র। তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা হয়েছে টুর্নামেন্টের ম্যাসকটদের ছবিও। স্পেন, জার্মানি, ঘানা, দক্ষিণ কোরিয়া-সহ বিশ্বের নানা দেশের প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে এই গলির শিল্পকর্মে। তবে সব কিছুর মধ্যেই ব্রাজিলের প্রতি কলকাতার বিশেষ ভালোবাসা স্পষ্ট। সাম্বা ফুটবলের ঐতিহ্য এবং সমর্থকদের আবেগ যেন দেয়ালের প্রতিটি আঁচড়ে ধরা পড়েছে।

ফকির চক্রবর্তী লেনে ঢুকলেই মনে হবে যেন কোনও বিশ্বকাপ ভেন্যুর আশপাশে চলে এসেছেন। চার বছর অন্তর আসা এই ফুটবল মহোৎসবকে ঘিরে এখানকার মানুষের উন্মাদনা সত্যিই দেখার মতো। তবে এই উৎসব কেবল বিশ্বকাপের কয়েকটি দিনের জন্য নয়, সারা বছর ধরেই এই গলিতে ফুটবলের আবহ বজায় থাকে।

এবার বিশ্বকাপের উন্মাদনা পৌঁছে গিয়েছে ঘরের অন্দরেও। কলকাতার বাসিন্দা তুহিন মুখোপাধ্যায় তৈরি করেছেন বিশ্বকাপ ট্রফির আদলে বিশেষ মোমবাতি। সম্পূর্ণ হাতে তৈরি এই শিল্পকর্মে নেই কোনও ছাঁচের ব্যবহার। এগুলি যেমন জ্বালানো যায়, তেমনই ঘর সাজানোর উপকরণ হিসেবেও ব্যবহার করা যায়। পাশাপাশি তিনি তৈরি করেছেন ফুটবল আকৃতির বিভিন্ন মোমশিল্প।

তুহিনবাবুর এই উদ্যোগের পেছনে রয়েছে তাঁর মেয়ের অনুপ্রেরণা। মেয়ের অনুরোধেই তিনি প্রথম বিশ্বকাপ ট্রফির আদলে মোমবাতি তৈরি করেন। কোনও নির্দিষ্ট দলকে প্রাধান্য না দিয়ে তিনি শুধু ট্রফির প্রতিরূপ বানিয়েছেন, যাতে সব দলের সমর্থকরাই তা সমানভাবে গ্রহণ করতে পারেন। ভবিষ্যতে মেসি, রোনাল্ডো, নেইমার কিংবা এমবাপের কার্টুনধর্মী মোমের মূর্তি তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর। ফুটবলের প্রতি ভালোবাসাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করার এই প্রচেষ্টা বিশ্বকাপের আবহকে আরও সমৃদ্ধ করে তুলেছে কলকাতায়।