কলকাতা: আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, (KKR IPL 2026)আর সেই আবহেই প্রস্তুতির তুঙ্গে উঠে এসেছে নাইট রাইডার্স শিবির। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স বুধবার বিকেল থেকেই জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন নাইটরা। প্রথম দিনের প্র্যাকটিস সেশনেই দেখা গেল অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে, সঙ্গে ছিলেন দলের অন্যান্য ক্রিকেটাররাও।
নতুন মরসুমকে সামনে রেখে দল গুছিয়ে নিতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। কোচিং স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন অভিষেক নায়ার, ড্যারেন ব্রাভো এবং শেন ওয়াটসন। তাঁদের তত্ত্বাবধানে শুরু হয়েছে নাইটদের প্রস্তুতি পর্ব। অনুশীলনের প্রথম দিন থেকেই ফিটনেস, ব্যাটিং এবং বোলিং সব দিকেই জোর দিতে দেখা গিয়েছে দলকে।
আরও দেখুনঃ প্রার্থী বদলের দাবিতে বিজেপির অন্দরমহলে নির্দল প্রার্থীর ঘোষিত হুশিয়ারি !
দলের ক্রিকেটাররা ধীরে ধীরে শহরে এসে পৌঁছচ্ছেন। মঙ্গলবার প্রথমে কলকাতায় আসেন সহকারী কোচ শেন ওয়াটসন, এরপর পৌঁছন অধিনায়ক রাহানে। সেই রাতেই দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যোগ দেন শিবিরে। তাঁদের মধ্যে রয়েছেন মনীশ পান্ডে, রমনদীপ সিং, বৈভব অরোরা, কার্তিক ত্যাগীরা।
বৃহস্পতিবার সকালে শিবিরে যোগ দেন দুই তরুণ তারকা রিঙ্কু সিং এবং উমরান মালিক। বিশেষ করে উমরানের ওপর এবার বাড়তি নজর থাকবে, কারণ চোটের কারণে আপাতত দলের বাইরে রয়েছেন হর্ষিত রানা। ফলে বোলিং বিভাগে উমরান মালিকের গতিই বড় অস্ত্র হতে পারে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে এখনও পুরো দল এসে পৌঁছয়নি। তবে সপ্তাহের শেষে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। আপাতত একমাত্র বিদেশি হিসেবে শিবিরে যোগ দিয়েছেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারবানী। পুরো স্কোয়াড একত্রিত না হলেও, যাঁরা এসেছেন তাঁদের নিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এবারের আইপিএল অভিযান শুরু হবে ২৯ মার্চ, যখন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। এরপর ২, ৬ এবং ৯ এপ্রিল টানা তিনটি ম্যাচ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে নাইটরা। ফলে ঘরের দর্শকদের সামনে ভালো পারফরম্যান্স করার জন্য এখন থেকেই নিজেদের তৈরি করছে দল।
তবে এই মরসুমের আগে অধিনায়কত্ব নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। গত মরসুমে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করলেও রাহানের নেতৃত্বে দল ফাইনালে পৌঁছতে পারেনি। ফলে অধিনায়ক বদলের সম্ভাবনাও জোরালো হয়েছিল। এমনকি রিঙ্কু সিং নামও অধিনায়ক হিসেবে উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই টিম ম্যানেজমেন্ট আবারও রাহানের হাতেই নেতৃত্ব তুলে দিয়েছে।
নতুন কোচিং সেটআপ, পুরনো অধিনায়ক এবং তরুণ-অভিজ্ঞ মিশ্রণে তৈরি স্কোয়াড সব মিলিয়ে এবার নতুন করে লড়াই শুরু করতে প্রস্তুত নাইটরা। গতবারের হতাশা ভুলে ট্রফি জয়ের লক্ষ্যেই এগোচ্ছে দল। শাহরুখ খান ফ্র্যাঞ্চাইজিও চাইছে এবার আরও শক্তিশালী প্রত্যাবর্তন। সবকিছু ঠিকঠাক থাকলে, আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স আবারও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখার, প্রস্তুতির এই ছাপ কতটা মাঠে কাজে লাগে।




















