প্রথম সেট হারেও জেভারেভকে হারিয়ে টানা দ্বিতীয় উইম্বলডন জিতলেন সিনার

প্রথম সেটে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তনে আলেকজান্ডার জেভারেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। এটি তাঁর পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম।

jannik-sinner-beats-alexander-zverev-wins-wimbledon-2026-title

বাবান আদক, কলকাতা ডেস্ক: প্রথম সেট হেরেও প্রত্যাবর্তন। আলেকজান্ডার জেভারেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন (Wimbledon 2026) চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। রবিবার উইম্বলডনের ফাইনালে চার সেটের লড়াইয়ে ইতালীয় তারকা জয়ী হন ৬-৭, ৭-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। এটি ২৪ বছর বয়সী সিনারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম এবং কেরিয়ারের ৩০তম খেতাব।

প্রথম সেটে টাইব্রেকারে হেরে পিছিয়ে পড়েছিলেন সিনার। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় সেটটিও টাইব্রেকারে গড়ায় এবং সেখানে জিতে সমতা ফেরান ইতালীয় তারকা। এরপর তৃতীয় ও চতুর্থ সেটে নিখুঁত সার্ভ ও রিটার্নের ওপর ভর করে সরাসরি সেট দুটি জিতে নিয়ে ম্যাচ জেতেন সিনার।জার্মান তারকা আলেকজান্ডার জেভারেভের বিরুদ্ধে টানা ১০টি ম্যাচে জয় পেলেন সিনার।

Advertisements

এই জয়ের ফলে উইম্বলডনে টানা ১৪টি ম্যাচ জেতার নজির গড়লেন তিনি। পাশাপাশি, এটি ছিল গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে তাঁর ১০০তম ম্যাচ জয়। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৩৮টি ম্যাচের মধ্যে ৩৭টিতেই জয়ী হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা।