২২ বছরের অপেক্ষা শেষ, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলে উচ্ছ্বাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাসে মাতল কলকাতা ময়দান।

east-bengal-isl-champion-22-year-wait-ends

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ স্বপ্ন পূরণের রাত ইস্টবেঙ্গল সমর্থকদের। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মশাল ব্রিগেড। সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে অন্তিম ম্যাচ খেলতে নেমেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল বারাণসীর ইন্টার কাশী‌ ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে ইউসেফ ইজ্জেজারি‌ এবং মহম্মদ রশিদ।

অন্যদিকে, ইন্টার কাশীর হয়ে একটি মাত্র গোল করেছিলেন আলফ্রেড প্লানাস। বলাবাহুল্য, এদিন শুরুটা খুব একটা মধুর ছিল না। ১৪ মিনিটের মাথায় আলফ্রেডের হাল্কা টাচে বল চলে গিয়েছিল গোলের মধ্যে। কিছুই করার ছিল না প্রভসুখান সিং গিলের। প্রথমার্ধে‌ বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল মশাল ব্রিগেড। যদিও সেগুলো কাজে লাগানো সম্ভব হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে এক গোলে পিছিয়ে ছিল মশাল শিবির। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দল।

   

তারপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে গিয়ে শট নেন ইউসেফ। যারফলে সমতায় ফেরে দল। পরবর্তীতে নন্দকুমার থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীদের মাঠে আনেন কোচ অস্কার ব্রুজো। তারপর ৭২ মিনিটের মাথায় প্যালেস্টাইনের তারকা ফুটবলার মহম্মদ রশিদের দুরন্ত টাচে বল চলে যায় গোলের মধ্যে। নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত পাঁচ মিনিট সময় সংযুক্ত করা হয়েছিল ম্যাচ রেফারির তরফে‌। তবুও জয় ছিনিয়ে নিতে সমস্যা হয়নি লেসলি ক্লডিয়াস সরণীর এই ক্লাবের।