শিবশঙ্কর আদক, কলকাতা ডেস্ক: আমেরিকার দাদাগিরি! নিছক একটা ভিসার বাহানা দেখিয়ে কঙ্গোর বিখ্যাত সুপারফ্যানকে আটলান্টার স্টেডিয়ামের বাইরে আটকে দিল আমেরিকা। লাল স্যুটের সেই নীরব প্রতিবাদকে কি ভয় পেল মার্কিন প্রশাসন?
আজ বিশ্বকাপের (FIFA World Cup) এত বড় ম্যাচে মাঠে নামছে কঙ্গো, অথচ গ্যালারিতে নেই তাদের সবচেয়ে চেনা মুখ মিশেল কুকা এম্বোলাডিঙ্গা, যিনি ‘লুমুম্বা ভেয়া’ নামেই পরিচিত। ইবোলার অজুহাত আর কড়া স্বাস্থ্যবিধির নামে আমেরিকার ইমিগ্রেশন আটকে দিয়েছে তাঁকে। এখন মেক্সিকোতে বসেই তাঁকে নিজের দেশের খেলা দেখতে হবে। এটা আসলে নিয়মের নামে আমেরিকার চরম প্রহসন!
কিন্তু আমেরিকা হয়তো জোর করে একজন মানুষকে আটকাতে পারে, একটা দেশের জেদ আর ইতিহাসকে নয়। ‘লুমুম্বা ভেয়া’ নেই তো কী হয়েছে? আমেরিকার মাটিতে দাঁড়িয়েই আজ তাদের চোখে আঙুল দিয়ে কড়া জবাব দেবে ‘লুমুম্বা জুনিয়র’।
এম্বোলাডিঙ্গার বদলে আজ আটলান্টার গ্যালারিতে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন ইনোক কাবওয়েন্দে নামের এক তরুণ সমর্থক। টানা ৯০ মিনিট এক জায়গায় স্থির থেকে, এক হাত শূন্যে তুলে কঙ্গোর শহীদ নেতা প্যাট্রিস লুমুম্বাকে স্মরণ করবেন তিনি। কেউ যাতে টলাতে না পারে, তার জন্য রীতিমতো কঠিন ট্রেনিংও নিয়েছেন তিনি।
ওই লাল স্যুট কোনো সাধারণ ফ্যানের পোশাক নয়, ওটা শোষণের বিরুদ্ধে গোটা কঙ্গোর প্রতিবাদের ভাষা। আমেরিকা ভিসা আটকে লুমুম্বা ভেয়াকে দমাতে পারে, কিন্তু প্রতিবাদের আগুন নেভাতে পারেনি। আজ লুমুম্বা জুনিয়রের হাত ধরেই আটলান্টার বুকে আছড়ে পড়বে সেই নিশ্চল অথচ জোরালো প্রতিবাদ!





