ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এবং ফেডারেশন কাপের বাণিজ্যিক স্বত্বের জন্য আগামী ২০ বছরের জন্য সর্বোচ্চ ২,১২৯ কোটি টাকার (প্রায় ২,১৩০ কোটি) বিড জমা পড়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এই বিপুল অঙ্কের প্রস্তাবটি পেয়েছে লন্ডনের সংস্থা জিনিয়াস স্পোর্টসের কাছ থেকে।
শুক্রবার কমার্শিয়াল পার্টনার জোগাড়ের উদ্দেশ্যে দরপত্রের আহ্বান করেছিল সমালোচনায় বিদ্ধ সর্বভারতীয় ফুটবল সংস্থা। বিড ওপেন হতেই লন্ডনের ডাটা এবং টেকনোলজি সংস্থা জিনিয়াস স্পোর্টস ২০ বছরের জন্য মোট ২,১২৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। সংস্থাটি প্রথম বছরে প্রায় ৬৫ কোটি টাকা দেবে এবং প্রতি বছর এই অর্থের পরিমাণ ৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে। ড্রিম স্পোর্টসের মালিকানাধীন ফ্যানকোড দ্বিতীয় সর্বোচ্চ বিড দিয়েছে, যার পরিমাণ প্রায় ১,১৯০ কোটি টাকা।
ইন্ডিয়ান উইমেনস লিগ (IWL) এবং IWL ২-এর জন্য ক্যাপ্রি স্পোর্টস প্রায় ১৬০ কোটি টাকার একক বিড জমা দিয়েছে। ২৯ মার্চ ২০২৬-এ এআইএফএফ-এর এগজিকিউটিভ কমিটির বৈঠকে এই বিড মূল্যায়ন রিপোর্ট পেশ করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানান, ‘গত কয়েক মাস নানাভাবে ফেডারেশনকে অপদস্থ করার চেষ্টা হয়েছে। মাননীয় আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে ফেডারেশন এগিয়েছে। কমার্শিয়াল পার্টনারের সমস্যা মেটানোর বিষয়ে আমরা আশাবাদী।’
রিলায়েন্সের সাথে ১৫ বছরের পূর্ববর্তী চুক্তি শেষ হওয়ার পর, নতুন এই বিনিয়োগের মাধ্যমে ভারতীয় ফুটবলের পরিকাঠামো উন্নয়ন, নতুন প্রযুক্তি ব্যবহার এবং মার্কেটিং ব্যবস্থার উন্নতি করাই ফেডারেশনের মূল উদ্দেশ্য।




















