“অসমে এনআরসি হবেই” দৃঢ় ঘোষণা শিলাদিত্য দেবের

গুয়াহাটি, ১০ নভেম্বরঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) নিয়ে ফের উত্তেজনা ছড়াল বিজেপির প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবের বক্তব্যে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন— “২০১৯ সালের যে এনআরসি প্রকাশিত হয়েছে, ...

By Rana Das

Published:

Follow Us
shiladitya-dev-nrc-statement-assam-bjp

গুয়াহাটি, ১০ নভেম্বরঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জি (NRC) নিয়ে ফের উত্তেজনা ছড়াল বিজেপির প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবের বক্তব্যে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন— “২০১৯ সালের যে এনআরসি প্রকাশিত হয়েছে, সেটি ভুয়া, ভুলে ভরা ও অবিশ্বস্ত। কিন্তু এনআরসি হবেই— এবার হবে প্রকৃত, নির্ভুল ও বাস্তবভিত্তিক এনআরসি।”

গুয়াহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলাদিত্য দেব বলেন, “অসমের ভোটার তালিকা সঠিক নয়। আমরা ৮০ লক্ষ বাংলাদেশি মুসলমান বা পূর্ব পাকিস্তানি মুসলমানকে ভারতীয় নাগরিক বানিয়ে ফেলেছি। এই এনআরসি তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তাই আমি বলছি, এই ভুয়া এনআরসি নয়— প্রকৃত এনআরসি হবেই।”

   

দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তা নিয়ে চলছে আলোচনা

প্রাক্তন হোজাই বিধায়ক অভিযোগ করেন, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকাশিত নাগরিকপঞ্জি “ভিত্তিহীন, ত্রুটিপূর্ণ ও ষড়যন্ত্রমূলকভাবে প্রস্তুত।” তাঁর ভাষায়, “এনআরসি নামের এই প্রহসনে প্রকৃত ভারতীয়রা বাদ পড়েছে, আর বিদেশিরা জায়গা পেয়েছে। এটা দেশের সঙ্গে প্রতারণা। তাই এই তালিকা বাতিল করে নতুন ও প্রকৃত এনআরসি করা ছাড়া বিকল্প নেই।”

দেব উদাহরণ দিয়ে বলেন, “যদি সাইফুর রহমান তালুকদারের মতো ব্যক্তির নাম এনআরসি তালিকায় থাকে, তাহলে বোঝাই যাচ্ছে, এই তালিকা বিদেশিদের রক্ষা করছে। তাই অসমের জনগণকে আমি আশ্বস্ত করছি— এনআরসি হবেই, কিন্তু এবার হবে এমনভাবে, যাতে একটিও বেআইনি নাম তালিকায় ঢুকতে না পারে।”

তিনি আরও বলেন, “অসমের মাটিতে বিদেশিরা নাগরিকত্ব পাবে না। প্রকৃত নাগরিকের অধিকারই সুরক্ষিত থাকবে। এই রাজ্যের মাটি, সংস্কৃতি ও ভাষা রক্ষার একমাত্র উপায় হলো একটি প্রকৃত ও নিরপেক্ষ এনআরসি।” শিলাদিত্য দেবের মতে, ২০১৯ সালের এনআরসি শুধু ব্যর্থ নয়, বরং এটি গোটা ভারতের জন্যও সতর্কবার্তা। “অসমের অভিজ্ঞতা দেশকে শিক্ষা দিয়েছে। এখন সময় এসেছে সমগ্র ভারতে এক নতুন, প্রযুক্তিনির্ভর ও কঠোর এনআরসি চালু করার,” তিনি বলেন।

দেবের এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রবল সাড়া পড়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, তাঁর এই স্পষ্ট অবস্থান শুধু রাজনীতির বক্তব্য নয়, বরং জনমতের প্রতিধ্বনি। দীর্ঘদিন ধরে অসমবাসী যে প্রকৃত নাগরিকপঞ্জির দাবি জানিয়ে আসছেন, সেটি বাস্তবে রূপ দেবে এমনই এক নতুন এনআরসি এ বিশ্বাসই এখন জাগিয়ে তুলেছেন শিলাদিত্য দেব।

রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে দেব বলেন, “অসমের কংগ্রেস সভাপতি রাজনীতি বোঝেন না। এনআরসি নিয়ে তাঁদের কোনও দায়বদ্ধতা নেই। তারা শুধু ভোটের রাজনীতি বোঝে, দেশের স্বার্থ বোঝে না। বিদেশিরা নাগরিক হচ্ছে, আর কংগ্রেস চুপচাপ দেখছে।” মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও আগেই বর্তমান এনআরসিকে “ত্রুটিপূর্ণ ও অবিশ্বস্ত” বলে মন্তব্য করেছেন এবং তার পূর্ণাঙ্গ পুনঃযাচাইয়ের দাবি তুলেছেন। কেন্দ্রীয় সরকারও জানিয়েছে, এই তালিকা পুনঃযাচাই ছাড়া বাস্তবায়ন করা হবে না।

এই পরিস্থিতিতে শিলাদিত্য দেবের বক্তব্য যেন নতুন করে আশা জাগাচ্ছে “অসমের মানুষ প্রকৃত এনআরসি চায়, আর আমি বিশ্বাস করি এনআরসি হবেই। এবার কোনও ভুল হবে না, বিদেশি একজনও বাদ যাবে না।” দেব বলেন, “দেশের নাগরিকত্ব কোনো রাজনীতির বিষয় নয়, এটা দেশের আত্মমর্যাদার প্রশ্ন। আজ যদি আমরা প্রকৃত নাগরিকপঞ্জি তৈরি না করি, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাই এনআরসি হবেই, আর সেটাই হবে ভারতের আত্মরক্ষার প্রতীক।”

হোজাইয়ের এই প্রাক্তন বিজেপি বিধায়ক বরাবরই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার। তাঁর মতে, বিদেশিদের উপস্থিতির কারণে অসমের জনসংখ্যা, ভাষা ও সংস্কৃতি ধ্বংসের মুখে। তিনি বলেন, “আমি ভয় পাই না। আমি দেশ ও অসমের জন্য বলবই— এনআরসি হবেই। আর এবার হবে প্রকৃত এনআরসি, যেখানে ভারতীয় নাগরিকের মর্যাদা রক্ষা পাবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিলাদিত্য দেবের বক্তব্যে শুধু এনআরসি নয়, ভারতের নাগরিক সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে আছে। তাঁর স্পষ্ট ঘোষণা “অসমে ভুল এনআরসি হয়েছে, কিন্তু প্রকৃত এনআরসি হবেই” রাজ্য রাজনীতিতে নতুন দিকচিন্তা আনবে বলেই মনে করা হচ্ছে। অসমের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিতর্কের শেষ হয়নি। কিন্তু শিলাদিত্য দেবের দৃঢ় কণ্ঠে এখন একটাই স্লোগান ধ্বনিত হচ্ছে “ভুলে ভরা তালিকা নয়, এবার প্রকৃত এনআরসি হবেই।”

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google